যাজকসহ খ্রিষ্টান সম্প্রদায়ের ১২ জনকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে খ্রিষ্টান সম্প্রদায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মযাজকসহ অন্তত ১২ জনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। মোবাইল ফোনে খুদে বার্তা (এসএমএস) পাঠিয়ে এই হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উইলিয়াম প্রলয় সমোদ্দার।
এদিকে দিনাজপুরে এক ধর্মযাজক ও পাবনার ঈশ্বরদীতে এক যাজককে হত্যার চেষ্টা এবং বিভিন্ন স্থানে কয়েকজনকে হত্যার হুমকির প্রতিবাদে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, ১১ নভেম্বর ঢাকার সাভারে অবস্থিত একটি খ্রিষ্টান ধর্মতত্ত্ব কলেজের শিক্ষককে মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়। ওই খুদে বার্তায় বলা হয়, ‘যা খুশি খেয়ে নে, সময় পাঁচ দিন, তার বেশি না।’ পরদিন একই নম্বর থেকে আরেকটি খুদে বার্তা পাঠিয়ে তাঁকে বলা হয়, ‘এক দিন চলে গেল, তোর দাফন কি আমরা করব, নাকি তোর পরিবারকে সুযোগ দেব, আমাকে জানা।’
ওই শিক্ষক গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, এমন হুমকি পাওয়ায় তিনি শঙ্কিত। এক সপ্তাহ ধরে তিনি বাসার বাইরে যাচ্ছেন না। এ ঘটনায় তিনি সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তিনি র্যা ব-৪ এবং স্থানীয় গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানিয়েছেন। পুলিশ একবার এসে খোঁজও নিয়েছে। তিনি তাঁর নিরাপত্তার জন্য সরকারের পদক্ষেপ কামনা করেছেন।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান ওই শিক্ষকের জিডি করার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, হুমকিতে ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। হুমকিদাতাকে খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।
১২ নভেম্বর রাজধানীর মিরপুরের একটি গির্জার পালকের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় মিরপুর থানায় একটি জিডি করা হয়েছে।
মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহবুব হাসান বলেন, তথ্যপ্রযুক্তির ব্যবহার করে হুমকিদাতাকে আটকের চেষ্টা চলছে।
খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক উইলিয়াম প্রলয় সমোদ্দার গতকাল প্রথম আলোকে বলেন, ঢাকা ও ঢাকার বাইরে খ্রিষ্টান সম্প্রদায়ের অন্তত ১২ ধর্মযাজক, পালক ও শিক্ষককে হত্যার হুমকির খবর এসেছে তাঁদের কাছে। এঁদের মধ্যে পাঁচজনই ঢাকার। এই ১২ জনের কয়েকজন নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন। অন্যরা ভয়ে নিজেদের নাম প্রকাশ করতেও চান না।
মানববন্ধন আজ: দিনাজপুরে ধর্মযাজক পিয়েরো পিচম এবং ঈশ্বরদীতে লুক সরকারকে হত্যার চেষ্টা এবং কয়েকজনকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে আজ বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন।
গতকাল অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দুই বিদেশি নাগরিককে হত্যা, ধর্মযাজককে হত্যাচেষ্টা, ধর্মযাজক, পালক ও পুরোহিতদের হুমকির ঘটনায় খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। বিজ্ঞপ্তিতে এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে খ্রিষ্টান নাগরিকদের নিরাপত্তা দিতে সরকারের কাছে দাবি জানানো হয়।