যাত্রাবাড়ী-কদমতলীতে ১০ জনকে গণপিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে প্রতারক সন্দেহে চার নারীসহ ছয়জন ও কদমতলীতে বৈদ্যুতিক পাখা চুরির জন্য চারজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পুলিশ তাঁদের গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ জানায়, আজ শনিবার বিকেল চারটার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল বাজার ও কবরস্থান এলাকায় নিজেদের মধ্যে টাকা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিল্লাল হোসেন (৩১), মো. ইব্রাহিম (৩২), সানোয়ারা বেগম (৪৫), ময়না বেগম (২৫), আয়মন (৪৮) ও তাসলিমা (২৮) মারামারিতে জড়িয়ে পড়েন।
স্থানীয় লোকজন তাঁদের ঝগড়া থেকে বুঝতে পারেন, তাঁরা প্রতারক চক্রের সদস্য। প্রতারণা করে হাতিয়ে নেওয়া টাকা ভাগাভাগি নিয়ে তাঁদের মধ্যে বচসা বাধে। পরে লোকজন তাঁদের ধরে গণপিটুনি দেন। পুলিশ এলে তাঁদের হাতে ওই ছয়জনকে হস্তান্তর করা হয়।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামানের নেতৃত্বে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই ছয়জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
মো. নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই ছয়জন নিজেদের মধ্যে মারামারি করছিল। পরে স্থানীয় লোকজন প্রতারক বুঝতে পেরে তাঁদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এদিকে আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে কদমতলীর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি নামের একটি কারখানা থেকে দুটি ফ্যান চুরি করে পালানোর সময় রুবেল (২০), সুমন (২১), জসিম (২৩) ও মাহবুব (২৫) নামে চারজনকে ধরে পিটুনি দেয় স্থানীয় লোকজন। পরে লোকজন কদমতলী থানার পুলিশের হাতে ওই চারজনকে সোপর্দ করে। তাঁদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করে কদমতলী থানার পুলিশ।
কদমতলী থানার এসআই জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।