যাত্রাবাড়ীতে এক ব্যক্তি গুলিবিদ্ধ অস্ত্র, গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল শুক্রবার রাতে জমির উদ্দিন (২৮) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। একই সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন দিলুম উদ্দিন দিলা ওরফে ইউনুছ নামের এক ব্যক্তি। পুলিশ তাঁদের কাছ থেকে একটি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার করেছে। জমির ও দিলুমকে পুলিশি হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর প্রথম আলোকে বলেন, দিলুম উদ্দিন একজন শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় নয়টি মামলা আছে। তার মধ্যে চারটিই হত্যা মামলা। দিলুম যাত্রাবাড়ীর ধলপুর মিষ্টির গলি এলাকায় অবস্থান করছেন—এমন খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের দল দেখে, একটি রিকশাযোগে দিলুমসহ দুজন চলে যাচ্ছেন। পুলিশ গিয়ে তাঁদের আটকায়। এরপর দিলুমের সঙ্গে থাকা ব্যক্তির দেহ তল্লাশি করে। পরে দিলুমের দেহ তল্লাশি করতে গেলে তিনি পিস্তল বের করে গুলি করেন। কিন্তু গুলি গিয়ে লাগে তাঁর সঙ্গে থাকা ব্যক্তির ডান পায়ে। পরে দিলুমের সঙ্গে পুলিশের ধ্বস্তাধ্বস্তি হয়। একপর্যায়ে পুলিশ দিলুমকে পাকড়াও করে এবং তাঁর কাছ থেকে একটি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার করে। পরে জানা যায়, গুলিবিদ্ধ ব্যক্তির নাম জমির উদ্দিন। ধস্তাধস্তিতে দিলুম ও পুলিশ কনস্টেবল বাহার আহত হন। পুলিশ দিলুম ও জমির উদ্দিনকে গ্রেপ্তার করে তাঁদের ঢাকা মেডিকেলে নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, জমিরের পায়ে কে গুলি করেছে—জানতে চাইলে তিনি সাংবাদিকদের কিছু জানেন না বলে উত্তর দেন।