যাত্রাবাড়ীতে জোড়া খুনে গ্রেপ্তার ১: ডিএমপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে গৃহকর্ত্রী ও গৃহকর্মীকে গলা কেটে হত্যার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করার দাবি করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মুঠোফোনের খুদেবার্তায় এ দাবি করা হয়।
খুদেবার্তায় জানানো হয়, যাত্রাবাড়ী থানার পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম-পরিচয় জানায়নি পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করার কথা।
জোড়া খুনের ঘটনায় গতকাল যাত্রাবাড়ী থানায় মামলা করেন নিহত গৃহকর্ত্রী রওশন আরার ভাই মোজাম্মেল হোসেন।
এজাহারের বরাত দিয়ে যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার দিকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা যাত্রাবাড়ীর কলাপট্টির বাড়িতে ঢুকে রওশন আরা (৬৫) ও তাঁর গৃহকর্মী মোসাম্মৎ কল্পনাকে (১২) গলা কেটে হত্যা করে। রওশন আরার স্বামী সাবেক অতিরিক্ত পুলিশ সুপার প্রয়াত আবদুল কুদ্দুস। এজাহারে হত্যার কারণ উল্লেখ করা হয়নি।
পুলিশের ধারণা, খুনিরা পূর্বপরিচিত। একই ধারণা স্বজনদেরও।
স্বজনদের ধারণা, টাকা ও মালামাল লুট করতেই এ হত্যাকাণ্ড।
স্বজনেরা জানান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে গতকাল দুপুরে রওশন আরার মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়েছে। আজ যুক্তরাষ্ট্র থেকে তাঁর ছেলে আরিফুজ্জামান ও মেয়ে রুবি দেশে ফিরবেন। তাঁরা আসার পর রওশন আরার মরদেহ গ্রামের বাড়ি ঢাকার দোহারে স্বামীর কবরের পাশে দাফন করা হবে। কল্পনার মরদেহ জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।