যাত্রাবাড়ীতে নিজ বাসায় আইনশৃঙ্খলা বাহিনীর 'সোর্স' খুন
রাজধানীর যাত্রাবাড়ীতে নিজ বাসায় খুন হয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ (তথ্যদাতা) আসলাম মিয়া (৫৫)। গত শনিবার রাতে পুলিশ বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, আসলাম পুলিশ ও র্যাবের সোর্স ছিলেন। যাত্রাবাড়ীর দনিয়ার কবরস্থান রোডের এক বাসায় স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে নিয়ে তিনি থাকতেন। শনিবার বেলা একটার দিকে দুজন অপরিচিত লোক আসলামের বাসায় যান। ওই সময় বাসায় আসলাম একটি কক্ষে এবং তাঁর স্ত্রী ও এক মেয়ে অন্য কক্ষে ছিলেন। দুই ছেলে বাসার বাইরে ছিলেন। ওই দুই লোক আসলামের কক্ষে ঢোকার পর তাঁর স্ত্রী ও মেয়ে কয়েকটা শব্দ শোনেন। পটকার আওয়াজ মনে করে তাঁরা গুরুত্ব দেননি। এর কিছুক্ষণ পর অপরিচিত ওই দুজন চলে যান। কিন্তু সন্ধ্যা হয়ে গেলেও আসলাম কক্ষ থেকে বের না হওয়ায় তাঁর স্ত্রী গিয়ে দেখেন, খাটে তাঁর স্বামীর গায়ে কাঁথা মোড়ানো। কাঁথা সরিয়ে আসলামের রক্তাক্ত লাশ দেখে তিনি চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর গতকাল রোববার প্রথম আলোকে বলেন, আসলামের মাথায় ক্ষতচিহ্ন আছে। পাঁজরে কয়েকটি ছুরিকাঘাতের দাগও আছে। ধারণা করা হচ্ছে, গুলি ও ছুরিকাঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।
ওসি বলেন, আসলামের পরিবার এখন শোকাহত। তাই ওই দুই আগন্তুক সম্পর্কে তাঁদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়নি। ঘটনার কারণও আন্দাজ করা যাচ্ছে না।