যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালীর ছনটেক এলাকায় গতকাল রোববার রাতে পুলিশের গুলিতে সোহেল (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন সজীব (২২) নামের এক যুবকও। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বলছে, নিহত ও আহত ব্যক্তিরা ছিনতাইকারী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সজীবের বাঁ পায়ের গোড়ালিতে ও সোহেলের বাঁ পায়ের হাঁটুতে গুলির চিহ্ন দেখা গেছে। দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সোয়া একটার দিকে সোহেল মারা যান।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, আহত ওই দুজনসহ কয়েকজন গতকাল রাত সোয়া ১২টার দিকে ছনটেক এলাকায় ছিনতাই করছিলেন। তখন পুলিশ তাঁদের ধাওয়া দেয়। তখন ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে শটগানের গুলি ছোড়ে। এতে ওই দুজনের শরীরে গুলি লাগে।