যাত্রাবাড়ীতে বাড়ির মালিক ও কদমতলীতে নিরাপত্তাকর্মী খুন
রাজধানীর যাত্রাবাড়ীতে নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে রেখে বাড়ির মালিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পৃথক ঘটনায় কদমতলী থানা এলাকায় বাজারের নিরাপত্তাকর্মীকে খুন করে দুটি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে ঘটনাগুলো ঘটে।
যাত্রাবাড়ীর মাতুয়াইলের পশ্চিম পাড়ায় নিজের পাঁচতলা বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন মজিবুর রহমান (৫৫)। তিনি কেব্ল ব্যবসায়ী ছিলেন। পুরান ঢাকার নবাবপুরে তিনি আজিজ কেব্ল নামে একটি প্রতিষ্ঠান চালাতেন।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত চারটার দিকে সালাউদ্দিন নামের ওই বাড়ির এক ভাড়াটে ও আত্মীয় বাড়ির নিচে মজিবুরকে অচেতন ও উপুড় অবস্থায় পড়ে থাকতে দেখেন। সালাউদ্দিন বিষয়টি মজিবুরের স্ত্রী শাহিদা বেগমকে জানান। পরে মজিবুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর খোঁজাখুঁজি করে বাড়ির পঞ্চম তলার ছাদের একটি কক্ষ থেকে বাড়ির নিরাপত্তাকর্মী রুবেলকে হাত-পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। নিরাপত্তাকর্মী জানান, বাড়ির দুই নতুন ভাড়াটে এই হত্যায় জড়িত।
পুলিশ জানায়, মজিবুরের ডান কাঁধে ও ডান বাহুতে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার লাশের ময়নাতদন্ত হয়েছে। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি মজিবুরের দূর সম্পর্কের আত্মীয়। ওই বাড়ির পঞ্চম তলায় থাকেন তিনি। ডেমরার কোনাপাড়ায় ছোটখাটো ব্যবসা করেন। সোমবার দিবাগত রাত চারটার দিকে তিনি কাজ শেষে বাসায় ফিরে দেখেন, বাড়ির কলাপসিবল ফটকে পড়ে আছেন মজিবুর। তিনি বলেন, পরে তিনি জানতে পারেন, রাত দুটার দিকে রাজধানীর কলাবাগান এলাকা থেকে মজিবুর ব্যক্তিগত গাড়িযোগে বাসায় ফিরেছিলেন। গ্যারেজে গাড়ি থেকে নামার পর দুর্বৃত্তরা তাঁকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ওই দুই ভাড়াটেকে খুঁজে বের করার চেষ্টা চলছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে।
নিরাপত্তাকর্মী হত্যা: কদমতলী থানার এসআই প্রদীপ কুমার প্রথম আলোকে বলেন, নিহত আলাউদ্দিন মাঝির গ্রামের বাড়ি ফরিদপুর। থাকতেন জুরাইন কমিশনার রোডে। রাতে পূর্ব জুরাইনের মিরুর বাজারে পাহারা দিতেন। সোমবার রাতে কে বা কারা তাঁকে মাথায় রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তাঁর মৃত্যু হয়। দুর্বৃত্তরা বাজারে রাখা এক কসাইয়ের দুটি গরু চুরি করে নিয়ে যায়।