ধলপুরে মারধর ও ছুরিকাঘাতে আহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় আজ মঙ্গলবার রাতে মারধর ও ছুরিকাঘাতে একই পরিবারের চারজন আহত হয়েছে। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহত চারজন হলো দুলাল মিয়া (৪৫), তাঁর স্ত্রী রুনা আক্তার (৪০) এবং তাঁদের মেয়ে রিনা আক্তার (১২) ও ময়না আক্তার (৬)। তাদের মধ্যে রুনা, রিনা ও ময়না আক্তারের শরীরে মারধর ও ছুরিকাঘাতের এবং দুলাল মিয়ার শরীরে মারধরের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকেরা জানান। আহত সবাই বাকপ্রতিবন্ধী বলে জানা গেছে। তবে তাদের মধ্যে রিনা আক্তার আধো আধো ভাষায় ও আকারে ইঙ্গিতে কথা বলতে পারে। তাঁদের বাসা যাত্রাবাড়ী কাজলা সিএনজি পাম্পের পাশে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিনা আক্তার ও দুলাল মিয়া ইশারায় জানান, যাত্রাবাড়ী থানা এলাকার ধলপুরের টিটি পল্লির ১৪ নম্বর বউবাজার এলাকায় চান বাদশা নামের এক ব্যক্তির কাছে তাঁরা টাকা জমা রাখতেন। আজ সন্ধ্যায় তাঁর কাছে পাওনা ৪৮ হাজার টাকা চান তিনি। এ সময় তাঁর স্ত্রী ও দুই মেয়ে সঙ্গে ছিল। টাকা চাওয়ার পর বাদশার লোকজন তাঁদের মারধর করে ও ছুরি দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রুনার পিঠে ও হাতে, ময়নার মাথা ও বাম চোখের পাশে এবং রিনার বাম পায়ে ছুরির আঘাত রয়েছে। দুলাল মিয়ার শরীরে মারধরের চিহ্ন রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।