যাত্রাবাড়ীতে খুন করে ডাকাতি, গ্রেপ্তার নেই
রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে ডাকাতি করে খুনের ঘটনায় নিহত সাবেকুন নাহারের মা তহুরা খাতুন গত শনিবার রাতে বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেছেন। তবে খুনের ঘটনায় গতকাল রোববার রাত পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ডাকাতদের গ্রেপ্তার করে লুট হওয়া টাকা ও মালামাল উদ্ধারে থানা-পুলিশের পাশাপাশি মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চেষ্টা চালাচ্ছে।
এজাহারে বলা হয়, দুই ডাকাত ভুল নাম ও মোবাইল নম্বর দিয়ে ডাকাতি করার জন্য পূর্বপরিকল্পিতভাবে বাসা ভাড়া নিয়েছিল। শুক্রবার রাতে তাদের সঙ্গে আরও পাঁচজন-ছয়জন সহযোগী বাড়িওয়ালা কামরুজ্জামানের বাসায় ঢুকে তাঁর মেয়ে সৈয়দা সাবেকুন নাহার ওরফে নিগারকে শ্বাসরোধে খুন করে নগদ ৮৫ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার, দুটি ল্যাপটপ, একটি কম্পিউটার, একটি আইপ্যাড ও চারটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
মামলার বিবরণে বলা হয়, গত বৃহস্পতিবার দুই যুবক এসে উত্তর যাত্রাবাড়ীর সাবেকুনের মা তহুরা খাতুনের সঙ্গে দেখা করে তাঁদের নিচতলার একটি ফ্ল্যাট ভাড়া নিতে চান। ১ জুন ওই বাসায় ওঠার কথা বলে তারা অগ্রিম তিন হাজার টাকা তহুরার কাছে দিয়ে চলে যায়। এর কিছুক্ষণ পর ওই যুবকেরা ফিরে এসে বলে, ‘আন্টি, আমাদের থাকার একটু সমস্যা হচ্ছে, আজ থেকে আপনার বাসায় থাকতে দেওয়ার সুযোগ করেন দেন।’ এরপর তহুরা খাতুন তৃতীয় তলার খালি বাসায় তাদের থাকতে দেন। শুক্রবার রাতে ভাড়া নেওয়া নিচতলার বাসায় ফ্যান লাগানোর কথা বলে চেয়ার নেওয়ার বাহানায় দুই যুবক বাড়িওয়ালার বাসায় ঢুকে পড়ে। সঙ্গে তাদের আরও পাঁচ-ছয় সহযোগী ঢোকে। এরপর তারা ওই বাড়ির সবার হাত-পা রশি দিয়ে বেঁধে এবং মুখ স্কচটেপ লাগিয়ে দেয়।
সাবেকুনের ভগ্নিপতি জসিম উদ্দীন খান গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর শ্যালক সোহেল উজ জামান আজ সোমবার দেশে ফিরবেন। বাদ আসর জানাজা শেষে সাবেকুনের লাশ নগরের আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।