যাত্রাবাড়ীতে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ যাত্রাবাড়ীতে প্রিয়াঙ্কা রায় (২০) নামে স্নাতক শ্রেণির এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে শোবার ঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সন্ধ্যায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে প্রিয়াঙ্কার ছোট ভাই বিজয় রায় বলেন, প্রিয়াঙ্কা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের হিসাববিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষে পড়তেন। তাঁর সঙ্গে এক যুবকের সম্পর্ক ছিল। কিন্তু এই সম্পর্ক প্রিয়াঙ্কার বাবা-মা মেনে নিতে রাজি হননি। এ নিয়ে গতকাল দুপুরে প্রিয়াঙ্কাকে তাঁর বাবা-মা বকাবকি করেন।

বিজয়ের দাবি, এই বকার জের ধরেই তাঁর বোন আত্মহত্যা করেছেন। তিনি বলেন, দক্ষিণ যাত্রাবাড়ীতে চারতলা একটি বাড়ির নিচতলায় তাঁরা থাকেন। গতকাল বিকেলে প্রিয়াঙ্কাকে শোবার ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। কক্ষের দরজা খোলা ছিল। পরে তাঁরা দ্রুত প্রিয়াঙ্কাকে হাসপাতালে নিয়ে যান।

দুই ভাই এক বোনের মধ্যে প্রিয়াঙ্কা বড়। তাঁদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর।