যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. শাকিল হোসেন (২০) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ধোলাইপাড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শাকিল রাজধানীর জুরাইনের খন্দকার রোডে পরিবারের সঙ্গে থাকেন। তাঁর গ্রামের বাড়ি পটুয়াখালীর সদর উপজেলায়।
শাকিলের বড় ভাই মোশারফ হোসেন বলেন, বুধবার রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন শাকিল। ধোলাইপাড় মোড়ে পৌঁছালে পাঁচ থেকে সাতজন ছিনতাইকারী তাঁর মাথায় ও পিঠে ছুরিকাঘাত করে। এ সময় তারা শাকিলের কাছ থেকে মুঠোফোন ও পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয় বলে জানান মোশারফ হোসেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহত শাকিল ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।