যাত্রাবাড়ীতে নারীর লাশ উদ্ধার
যাত্রাবাড়ীতে শিল্পী আক্তার হত্যার সঙ্গে জড়িত কাউকে ধরতে পারেনি পুলিশ। জানা যায়নি কেন তাঁকে ও তাঁর ননদকে এভাবে কোপানো হয়েছে। গত শনিবার রাতে যাত্রাবাড়ীর রসুলপুরের একটি বাসা থেকে পুলিশ শিল্পী আক্তারের (৩২) গলাকাটা লাশ উদ্ধার করে। একই সঙ্গে গুরুতর আহত শিল্পীর ননদ পারুল আক্তারকে (২৫) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার যাত্রাবাড়ীর রসুলপুরের একটি বাড়ির পাঁচতলায় ভাড়াটে হিসেবে ওঠেন শিল্পী আক্তার ও পারুল। এরপর গোছগাছ চলছিল। রাত সাড়ে ১০টার দিকে চতুর্থ তলার এক ভাড়াটে দেখেন দরজার বাইরে রাখা তাঁদের জুতাগুলো নেই। সেই জুতা খুঁজতে তাঁরা পঞ্চম তলায় উঠে দেখেন শিল্পীদের ফ্ল্যাটের দরজা খোলা। ভেতর থেকে রক্তের ধারা বাইরে গড়িয়ে পড়ছে। এরপর তাঁরা পুলিশে খবর দেন।
যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বলেন, কারা হামলা চালাল সে বিষয়ে কিছু বলতে পারেননি আহত নারী। পুলিশ কয়েকজনকে সন্দেহ করে এগিয়ে যাচ্ছে।