যাত্রাবাড়ীতে ফল বিক্রেতাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গতকাল বুধবার বিকেলে কিতাব আলী (৫০) নামের এক ফল বিক্রেতাকে হত্যা করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান রাতে প্রথম আলোকে বলেন, পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে রানা ও মিঠু নামের দুই কলা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। তাঁরা হত্যার কথা স্বীকার করেছেন।
যাত্রাবাড়ী থানার পুলিশ বলেছে, ফল বিক্রেতা কিতাব আলী ও তাঁর ছেলে মো. শিপন যাত্রাবাড়ীর কলাপট্টিতে থাকতেন। তিনি যাত্রাবাড়ী চৌরাস্তার ফুটপাতে ফল বিক্রি করতেন। গতকাল বিকেলে রানা ও মিঠু নামের দুই কলা বিক্রেতা কিতাব আলীকে সরিয়ে সেখানে বসতে যান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মিঠু ও রানা তাঁকে কিল, ঘুষি, লাথি মারতে থাকেন। এ সময় তিনি সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত কিতাব আলীর ছেলে শিপন বলেন, ‘যাত্রাবাড়ী মোড়ে ফুটপাতে আমার বাবা ও আমি দেড় বছর ধরে ফলের ব্যবসা করি। আমাদের পাশেই কলা বিক্রি করেন মিঠু ও রানা। বিকেলে তাঁরা আমাদের দোকানের জায়গা দখল করার চেষ্টা করেন। আমি এর প্রতিবাদ করায় আমাকে ধাক্কা দেন তাঁরা। আমার বাবা এগিয়ে এলে তাঁরা বাবাকে কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন।’
নিহত কিতাব আলীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। সেখানে তাঁর স্ত্রী ও দুই ছেলে থাকেন।