যাত্রাবাড়ীতে শিশু ধর্ষণের শিকার, তিন যুবক গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ীতে এক কন্যাশিশু (১১) ধর্ষণের শিকার হয়েছে। ওই শিশুর পরিবার গতকাল সোমবার যাত্রাবাড়ী থানায় ধর্ষণের অভিযোগে মামলা করার পর এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র বলেছে, যাত্রাবাড়ী থানার শেখদীর একটি মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে পড়ে ওই শিশু। গত শনিবার বিকেলে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে তাকে স্থানীয় রাকিব নামের একজনসহ চার যুবক ধরে নিয়ে যায়। তারা ওই এলাকার একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে শিশুটির পরিবার গতকাল যাত্রাবাড়ী থানায় মামলা করে। পুলিশ মামলা নিয়ে শিশুকে হাসপাতালে ভর্তি করে। পরে এজাহারভুক্ত রাকিবসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
যাত্রাবাড়ী থানার ওসি অবনী শংকর কর বলেন, ঘটনার তদন্ত চলছে। পলাতক এক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।