যাত্রাবাড়ীতে শিশুর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ীতে নির্মাণাধীন বাড়ির পানির ট্যাংক থেকে একটি শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। গতকাল রাত সাড়ে দশটার ​দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার নাম রিয়া আক্তার (৭)। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির বাবার নাম আলমগীর হোসেন, তিনি সরকারি চাকুরীজীবী। মা রুনা আক্তার গৃহিণী।

নিহত রিয়ার মামা আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, রিয়া মা বাবার সঙ্গে যাত্রাবাড়ীর মাতুয়াইলের কবরস্থান রোডে রতন মেম্বারের বাড়িতে থাকত। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে ​প্রতিদিনের মতো পাশেই গোবিন্দপুরের নানির বাড়িতে যায় রিয়া। কিন্তু বিকেল পাঁচটা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে জানান তার নানি সালেহা বেগম। একপর্যায়ে রাত সাড়ে দশটার দিকে কিছু লোক শিশুটিকে রতন মেম্বারের বাড়ির পানির ট্যাংকে পড়ে থাকতে দেখে।  ওই বাসার চারতলায়ই সে থাকত। এরপর ঢাকা ​মেডিকেল কলেজে নিয়ে আসলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎ​সকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক রাসেল হোসেন প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  প্রাথমিকভাবে শিশুটির মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।