যাত্রার নামে অশ্লীল নাচ বন্ধের দাবিতে সড়ক অবরোধ
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চিকারকান্দি গ্রামে যাত্রার নামে জুয়া ও অশ্লীল নাচ বন্ধের দাবিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করা হয়েছে। ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বড় কাঁপন এলাকায় কয়েকটি গ্রামের মানুষ এ অবরোধ করেন। দুই ঘণ্টা পর পুলিশ গিয়ে যাত্রা বন্ধের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্বপাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামে দুদিন ধরে যাত্রার নামে জুয়া ও অশ্লীল নাচ চলায় পার্শ্ববর্তী ছাতক উপজেলার বড় কাঁপন গ্রামের লোকজন গত বৃহস্পতিবার রাতে এতে বাধা দেন। এ নিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, যাত্রার প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলায় তাঁরা অবরোধ তুলে নেন।