যাত্রার নামে আ.লীগ নেতার নেতৃত্বে জুয়া, পরে বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় গত রোববার রাতে যাত্রা অনুষ্ঠানের নামে প্যান্ডেল স্থাপন করে জুয়া খেলা অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের স্থানীয় এক নেতা যাত্রা অনুষ্ঠানের নামে জুয়া খেলার আয়োজন করেছিলেন।
গত সোমবার বিকেলে ধরমপাশা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই প্যান্ডেল অপসারণ করেছে।
এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর বাজারের পশ্চিম পাশে গত রবি ও সোমবার দুই দিনব্যাপী যাত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেনারেটরের আলোয় গত রোববার রাত দুইটার দিকে যাত্রা অনুষ্ঠান শুরু করা হয়। এর আগে ওই দিন রাত ১০টার দিকে এক পাশে পিনবোর্ড, ওয়ানটেন, চরকাসহ নানা ধরনের জুয়া খেলা শুরু হয় এবং তা চলে ভোররাত পর্যন্ত। গত সোমবারও জুয়া খেলা হওয়ার কথা ছিল কিন্তু ওই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে ধরমপাশা থানার একদল পুলিশ বাবুপুর এলাকায় যায় এবং আয়োজক কমিটিকে যাত্রার প্যান্ডেল অপসারণ করার ব্যবস্থা করতে বলা হলে তারা তা সরিয়ে নেয়।
সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল বারী চৌধুরী দাবি করেন, এটি যাত্রা অনুষ্ঠান ছিল না। এখানে নাটক হয়েছে। কোনো জুয়ার আসর হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর কবীর বলেন, ‘প্রশাসনের অনুমতি না নিয়ে আওয়ামী লীগের নেতা রফিকুল বারীর নেতৃত্বে স্থানীয় কিছুসংখ্যক নেতা-কর্মী বাবুপুর বাজারে যাত্রা ও জুয়া খেলার আয়োজনের বিষয়টি আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।’
ধরমপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘রোববার আমি ছুটিতে ছিলাম। যাত্রার কোনো অনুমতি নেওয়া হয়নি। সোমবার কর্মস্থলে এসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই দিন বিকেলে পুলিশ পাঠিয়ে যাত্রা অনুষ্ঠানের প্যান্ডেল অপসারণের ব্যবস্থা করা হয়েছে। অনুমতি না নিয়ে যাত্রার আয়োজন ও জুয়ার আসর পরিচালনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’