যাত্রার নামে জুয়া ও অশ্লীল নাচ বন্ধের দাবিতে বিক্ষোভ
নড়াইলের লোহাগড়া পৌর এলাকার কচুবাড়িয়া স্বপ্নবীথি পার্কের পূর্ব পাশে ফুটবল মাঠে যাত্রার নামে চলা জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধের দাবিতে গতকাল রোববার বিক্ষোভ করেছেন পার্শ্ববর্তী কাশিপুর ইউনিয়নের বাসিন্দারা। বিক্ষোভ শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসক এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেন।
বিক্ষোভটি ইউনিয়নের এড়েন্দা চৌরাস্তা থেকে শুরু হয়ে লোহাগড়া থানার সামনে দিয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা, গিলেতলা, সারুলিয়া, গন্ডব, বসুপট্টি ও ধোপাদহসহ ১৬টি গ্রামের প্রায় কয়েক শ মানুষ অংশ নেয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ওই যাত্রাস্থলের চারদিকে কাশিপুর এসি উচ্চবিদ্যালয়, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়সহ ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এ ধরনের জুয়ার আসর ও অশ্লীল নৃত্য চলতে থাকলে এলাকায় মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাই বাড়বে।