যাত্রী ও চালককে নামিয়ে বাসে আগুন

ভয় দেখিয়ে যাত্রী ও চালককে নামিয়ে বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা অবরোধের পঞ্চম দিনে আজ শনিবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হওয়ায় খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস স্টেশন, পুলিশ ও যাত্রীদের ভাষ্য, সকাল নয়টার দিকে কুলাউড়া বাসস্ট্যান্ড থেকে ২০-২৫ জন যাত্রী নিয়ে একটি বাস (সিলেট-জ-০৪-০০১৩) মৌলভীবাজার জেলা সদরে রওনা দেয়। সাড়ে নয়টার দিকে ঢুলিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দুটি মোটরসাইকেলে করে অজ্ঞাতনামা চারজন যুবক এসে বাসটিকে থামান। ওই যুবকেরা ভয় দেখিয়ে গাড়ি থেকে চালক ও যাত্রীদের নামিয়ে দেন। পরে তাঁরা গাড়িটিতে আগুন ধরিয়ে পালিয়ে যান। বেলা ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে যায়।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার ধর বেলা সাড়ে ১১টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘কেরোসিন বা পেট্রল ঢেলে বাসটিতে আগুন ধরানো হয়েছে। অবরোধকারীরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।’