যাত্রী তোলা নিয়ে হেলপারকে মারধর মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যাত্রী তোলাকে কেন্দ্র করে গতকাল শনিবার ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের বিরুদ্ধে বাসচালকের এক সহযোগীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোটর পরিবহন শ্রমিকেরা দিনাজপুর-পঞ্চগড় সড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রাখেন।
বাসের চালক মো. রবিউল ইসলাম বলেন, ঠাকুরগাঁও জেলার গড়েয়া হাট থেকে তাঁদের বাসটি বীরগঞ্জ আসার পথে মরিচা ইউনিয়নের ডাঙ্গারহাটে পৌঁছায়। ইজিবাইকচালকেরা সেখানে অপেক্ষমাণ বাসযাত্রীদের তাঁদের গাড়িতে তোলার চেষ্টা করেন। বাসের সহকারী মো. নূর আলম (২০) এতে বাধা দিলে ইজিবাইকচালকেরা তাঁকে মারধর করেন ও তাঁর পরনের শার্ট ছিঁড়ে ফেলেন। ঘটনার প্রতিবাদে বীরগঞ্জ পৌর শহরের বাস শ্রমিক কার্যালয়ের সামনে মোটরশ্রমিকেরা দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বীরগঞ্জ শাখার সভাপতি শহীদুল ইসলাম বলেন, অভিযুক্ত ইজিবাইকচালকদের আটক করা না হলে অনির্দিষ্টকালের অবরোধ ডাকা হবে। তবে এ ঘটনার পর অটোরিকশাচালকেরা আত্মগোপন করায় তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদ পেয়ে মো. শহীদুল ইসলাম, বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলাম, মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক শামসুল আলম, সাধারণ সম্পাদক আহম্মেদ আলী দফায় দফায় বৈঠক করেন। বৈঠকে পুলিশ অভিযুক্ত চালককে ১২ ঘণ্টার মধ্যে আটকের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেণ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলাম বলেন, মামলা করা হলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার প্রতিশ্রুতি দিয়েছে।