বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযানের মধ্যে মিরপুর থেকে বিভিন্ন পথে চলাচলকারী অধিকাংশ বাসে ‘মাস্তান প্রকৃতির লোক’ রেখে যাত্রীদের শায়েস্তা করা হচ্ছে।
‘সিটিং সার্ভিস’ বন্ধের পর যাত্রী-ভোগান্তি পর্যবেক্ষণ শেষে গতকাল মঙ্গলবার বেলা একটায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়, ‘বাসে সরকারি ভাড়ার তালিকা দেখতে চাওয়ায় বা তালিকা অনুযায়ী ভাড়া দিতে চাওয়ায় অনেক যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার, এমনকি হাত তোলার মতো ঘটনা ঘটছে। বাড়তি ভাড়া নিয়ে কোনো যাত্রী প্রশ্ন তুললে তেড়ে এসে নানাভাবে অপদস্থ করা হচ্ছে। মিরপুর রুটের অধিকাংশ বাসে মাস্তান প্রকৃতির তিন-চারজন করে রাখার দৃশ্য দেখা গেছে।’ লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘গত দুই দিনে নগরীর বিভিন্ন রুটে চলাচলকারী যানবাহনের প্রায় ৪০ শতাংশ রাস্তায় নামানো হয়নি। বাসে চলতে গিয়ে নারী, শিশু ও জ্যেষ্ঠ নাগরিকেরা অবর্ণনীয় দুর্ভোগে পড়ছেন।’
সমিতির অভিযোগ প্রসঙ্গে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) নাজমুল আহসান মজুমদার বলেন, ‘আজ রাজধানীর পাঁচটি স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। এ সময় ১৪০টি মামলা করা হয়েছে। জরিমানা করা হয়েছে ৪ লাখ ৩৮ হাজার টাকা। তবে এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি।’ তিনি বলেন, অভিযোগটি খতিয়ে দেখা হবে।
যাত্রীদের দুর্ভোগের কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ভালো কিছু পাওয়ার জন্য এই দুর্ভোগ মেনে নিতে হবে। মানসিকতা তৈরি করতে হবে। আমরা অসহিষ্ণু হলে অভিযান বন্ধ হয়ে যেতে পারে।’
‘সিটিং সার্ভিস’ বন্ধ প্রসঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এ রকম উদ্যোগ এর আগে অনেকবার নেওয়া হয়েছিল, মাঝেমধ্যে হয়। পরে আর বাস্তবায়িত হয় না। এতে উপকারের চেয়ে অপকার বেশি হয়।’
‘সিটিং সার্ভিস’ বন্ধে অভিযানের নামে ‘ইঁদুর-বেড়াল খেলা’ চলছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক আবু সাঈদ খান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।