যাত্রী সেজে হাজিদের পকেট কাটা চক্রের ১২ জন গ্রেপ্তার
গত বছরে সৌদি আরবে হাজিদের পকেট কেটে টাকা নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে জেল খেটেছিলেন টুটুল বিশ্বাস ওরফে সুমন। এবারও টুটুল তাঁর চার সহযোগী নিয়ে কোটি টাকা কামানোর লক্ষ্যে সৌদি আরবে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজধানীর শাহবাগ ও মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে এই পকেটমার চক্রের ১২ জনকে গ্রেপ্তার করেছে। ডিবির কর্মকর্তারা বলেন, হজের মৌসুম শেষে দেশে ফিরে পকেটমার চক্র অজ্ঞান পার্টির সদস্য হিসেবেও কাজ করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে তিনটি পাসপোর্ট ও মানুষকে অজ্ঞান করার বেশ কিছু ‘আচার’ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া পকেটমার ও অজ্ঞান পার্টি চক্রের দলনেতা টুটুল বিশ্বাস ওরফে সুমন, তাঁর সহযোগীরা হলেন কাজী সারোয়ার জামাল ওরফে নেতাজি, ইব্রাহিম, মনির হোসেন, সাইফুল ইসলাম ওরফে বাচ্চু, আবদুল গফুর, নুরুল আনোয়ার, সুজন খান, আবুল বাশার, আবুল হাসান, আক্তার হোসেন ও আবুল কালাম।
গতকাল দুপুরে পকেটমার ও অজ্ঞান পার্টির সদস্যদের গ্রেপ্তারের খবর জানাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি) মো. মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া টুটুল বিশ্বাস, আবদুল গফুর ও পলাতক রওশন হজযাত্রী পরিচয় দিয়ে সৌদি আরবে যাওয়ার জন্য টাকা জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সেখানে গিয়ে হাজিদের পকেট কেটে কোটি টাকা কামানোর লক্ষ্য ছিল তাঁদের। জিজ্ঞাসাবাদে তাঁরা ডিবিকে বলেন, এর আগেও টুটুল সৌদি আরবে পকেট মারার সময় হাতেনাতে ধরা পড়ে সেখানে জেল খেটেছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবছর এই চক্রের তিন-চারজন হাজিদের পকেট কেটে টাকা কামাতে সৌদি আরবে যান। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এই চক্রের আর কেউ সৌদি আরবে যাওয়ার পরিকল্পনা করছেন কি না, তা ডিবি পুলিশ অনুসন্ধান করছে। এই চক্রের সঙ্গে কোনো রিক্রুটিং এজেন্সি জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এঁরা আবার ঢাকা ও আশপাশে গণপরিবহনে যাত্রীদের আচার ও অন্যান্য খাবার খাইয়ে অজ্ঞান করে তাঁদের কাছ থেকে সর্বস্ব নিয়ে বাস থেকে নেমে পড়েন।