যাত্রী হয়রানি করায় ফ্লাই দুবাইয়ের চার কর্মকর্তাকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হয়রানির দায়ে দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের স্টেশন ম্যানেজারসহ চার কর্মকর্তাকে সাড়ে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই দণ্ড দেন।
এর মধ্যে ফ্লাই দুবাইয়ের স্টেশন ম্যানেজার সেলিম মোবাশ্বের উদ্দিন, ম্যানেজার (সিকিউরিটি) মো. গোলাম রাব্বানী, ট্রাফিক অফিসার ফেরদৌস আহমেদকে দুই লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং আসিফুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
ভুক্তভোগী যাত্রী ইব্রাহিম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবায়। তিনি প্রথম আলোকে বলেন, মঙ্গলবার বেলা সকাল সাড়ে ১১টায় ফ্লাই দুবাইয়ের ওমানের সালালাহ ফ্লাইটের যাত্রী ছিলেন। বিমানটি বোর্ডিং ব্রিজ ছাড়ার পর হঠাৎ থেমে যায় এবং তাঁকে নামিয়ে দেওয়া হয়। বলা হয়, তাঁর ‘পাসিং’ ঠিকমতো হয়নি। তিনি বিকেল চারটা পর্যন্ত বিমানবন্দরে কান্নাকাটি করেন। একপর্যায়ে বলা হয়, রাতের ফ্লাইটে তাঁকে পাঠানো হবে। সন্ধ্যার পর না করে দেওয়া হয়। বলা হয়, পরদিন (গতকাল) রাতের ফ্লাইট ছাড়া তিনি যেতে পারবেন না। এরপর তিনি ঢাকায় এক আত্মীয়ের বাসায় গিয়ে ওঠেন।
পরে এই খবর বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফের কাছে গেলে তিনি ডেকে ঘটনার সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। তিনি প্রথম আলোকে বলেন, ওই বিমানের যাত্রী ধারণক্ষমতা ১৮৯ জন। তারা যাত্রী উঠায় ১৯০ জন। একজন যাত্রী দাঁড়িয়ে থাকায় বিষয়টি বিমানকর্মীদের নজরে আসে। এরপর তাঁরা নিরীহ দেখে ইব্রাহিমকে নামিয়ে দিয়ে তাঁকে ভয়াবহ হয়রানির মধ্যে ফেলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আইন অনুযায়ী জরিমানার ২৫ শতাংশ যাত্রী পাবেন, বাকি টাকা সরকারের কোষাগারে যাবে।