যাত্রীকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচরে কালাম মাদবর (৩৫) নামে অটোরিকশার এক যাত্রীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার দুপুরে শিবচর উপজেলার উমেদপুরের একটি কলাবাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ সময় আবদুর রহিম ব্যাপারী নামে সিএনজিচালিত এক অটোরিকশাচালককে গাছের সঙ্গে হাত-মুখ-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উমেদপুরের আবদুর রহিম ব্যাপারী সিএনজিচালিত অটোরিকশায় যাত্রী প্রতিবন্ধী কালাম মাদবরকে নিয়ে উপজেলার ভদ্রাসন থেকে শিবচর যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন।
এ সময় ছিনতাইকারীরা উপজেলার ভদ্রাসনের আবদুর রহমান মাদবরের ছেলে কালাম মাদবরকে হাত-পা বেঁধে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে মরদেহ ওই কলাবাগানে ফেলে রাখে।
ছিনতাইকারীরা অটোরিকশার চালক আবদুর রহিম ব্যাপারীকে পিটিয়ে আহত করে অচেতন অবস্থায় হাত-পা-মুখ বেঁধে ওই বাগানে গাছের সঙ্গে বেঁধে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
দুপুরে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। আহত অটোরিকশাচালককে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।