যাত্রীকে হত্যার অভিযোগ বাসচালকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে গজারিয়ার বাউশিয়া এলাকায় আবদুল আউয়াল (৩২) নামের এক বাসযাত্রীকে চালক ও চালকের সহকারীরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার এই ঘটনা ঘটে। দাউদকান্দি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।

আউয়াল কুমিল্লার মুরাদনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হুমায়ুন কবীরের ছেলে। তিনি ঢাকার মুগদায় একটি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালাতেন বলে জানান তাঁর স্ত্রী রোজিনা আক্তার।
আউয়ালের বাবা হুমায়ুন কবীর বলেন, আউয়ালের দাদি খাইরুন নেছা গতকাল শনিবার রাত সোয়া একটার দিকে মারা যান। আজ রোববার বেলা সাড়ে ১১টায় তাঁর জানাজা ছিল। আউয়াল জানাজায় যোগ দিতে ছোট ভাই আল আমিন, ছোট বোন ফরিদা আক্তার, ভগ্নিপতি সাইফুল ইসলাম ও ভাগনি কুলসুম আক্তারকে সঙ্গে নিয়ে সকাল সাড়ে ছয়টায় ঢাকার সায়েদাবাদ থেকে লক্ষ্মীপুরের একটি লোকাল বাসে ওঠেন। বাসটি বিভিন্ন জায়গায় থেমে থেমে যাত্রী ওঠানো এবং যাত্রীর জন্য অপেক্ষা করার কারণে গজারিয়ার বাউশিয়া পর্যন্ত পৌঁছাতেই প্রায় সোয়া দুই ঘণ্টা সময় লেগে যায়। এ সময় বাসটি ধীরে এবং থামিয়ে থামিয়ে চলা নিয়ে বাসচালকের সহকারীর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আউয়াল। বাবা হুমায়ুন অভিযোগ করেন, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় বাসটি পৌঁছার পর বাসে থাকা প্রায় ১৫ জন যাত্রীকে নামিয়ে দেন বাসচালক। তবে আউয়াল ও তাঁর সঙ্গে থাকা লোকদের নামতে না দিয়ে বাসচালক ও তাঁর সহকারীরা তাঁদের মারধর করে। একপর্যায়ে আউয়ালকে বাস থেকে ফেলে দেওয়া হয়। এ সময় একটি চলন্ত বাস তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আউয়ালের বোন ফরিদা অভিযোগ করেন, বাসচালক ও চালকের সহকারীরা তাঁদের পিটিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে দেয়। আউয়ালকে লাথি মেরে চলন্ত গাড়ির নিচে ফেলে দেওয়া হয়। তখন গাড়ি চাপায় তাঁর মৃত্যু হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, ‘আমরা শুধু ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। মামলা গজারিয়া থানায় হবে।’
গজারিয়া থানার ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, বিষয়টি বিস্তারিত জানার পর মামলা নেওয়া হবে।