যাত্রীছাউনিতে জামায়াত নেতার ব্যবসাপ্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কুলালপাড়া স্টেশনে সড়ক ও জনপথের জমির ওপর নির্মিত যাত্রীছাউনি অবৈধভাবে দখল করে জামায়াত নেতা ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় ব্যক্তিদের অভিযোগ, যাত্রীছাউনিটি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি জহির আহমদ ওরফে সুধি জহির। যাত্রীছাউনিটি বেদখল হলেও জেলা পরিষদ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ ছুটির পর সাবরাং, নয়াপাড়া ও শাহপরীর দ্বীপের কলেজ, স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা বাড়ি ফেরার জন্য যানবাহনে উঠতে দখল হওয়া যাত্রীছাউনির ১৫-২০ ফুট দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। আগে কলেজ ছুটির পর শিক্ষার্থীরা এ যাত্রী ছাউনিতে অপেক্ষা করলেও এখন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, টেকনাফ-শাহপরীর দ্বীপ সড়কের পাশে সওজের মূল্যবান প্রায় এক শতাংশ জমির ওপর জেলা পরিষদ একটি যাত্রীছাউনি নির্মাণ করে। ওখানে একটি কক্ষ দোকান হিসেবে ইজারা দেওয়া হয়। সে সুবাদে স্থানীয় পৌর জামায়াতের নেতা জহির আহমদ ইজারার পাশাপাশি যাত্রীছাউনি দখল করে অপরজনকে ভাড়া দিয়েছেন। ভাড়াটিয়া পুরো ছাউনি দখলে নিয়ে সানিয়া ভাতঘর নামে দোকানঘর বসিয়েছেন।
সানিয়া ভাতঘরের মালিক শামসুল আলম বলেন, ‘জহির আহমদ ও জেলা পরিষদের পাহারাদার মো. শফিকের কাছ থেকে এটি ভাড়া নিয়েছি।’
এটা তো যাত্রীছাউনি, কীভাবে ভাড়া নিলেন—প্রশ্ন করা হলে তিনি বলেন, সেটা জহির আহমদ ও শফিক জানে।
টেকনাফে কয়েকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, রোদ, বৃষ্টিতে দাড়াঁনোর একমাত্র যাত্রীছাউনিটি বেদখল হওয়ায় শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
জহির আহমদ বলেন, ‘আমি জামায়াতের নেতা নেই, বর্তমানে আওয়ামী লীগের ফরম পূরণ করেছি। জেলা পরিষদ থেকে ইজারা নিয়ে যাত্রীছাউনির পাশে দোকান করে আসছিলাম। কিন্তু সেটি অপরজনকে ভাড়া দিয়েছি। আমি না, জেলা পরিষদের পাহারাদার শফিক ওখান থেকে ভাড়া আদায় করছেন।’
তবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর বলেন, জহির আহমদ একজন জামায়াতের নেতা সেটা জানি। তিনি আওয়ামী লীগের কোনো ফরম পূরণ করেননি।
জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান বলেন, ‘বেদখল হওয়া যাত্রীছাউনি উদ্ধারের জন্য দুই-এক দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।’