যাত্রীছাউনিতে দোকান ও টিকিট কাউন্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে যাত্রীছাউনির জায়গা দখল করে দোকান ও বাসের টিকিট কাউন্টার নির্মাণ করা হয়েছে। শহরের রূপগঞ্জ বাস স্টপেজ থেকে তোলা ছবি l প্রথম আলো
নড়াইলে যাত্রীছাউনির জায়গা দখল করে দোকান ও বাসের টিকিট কাউন্টার নির্মাণ করা হয়েছে। শহরের রূপগঞ্জ বাস স্টপেজ থেকে তোলা ছবি l প্রথম আলো

নড়াইলের রূপগঞ্জ মুচিপোল বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে যাত্রীদের বসার কোনো ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে সেখানে দোকান ও বাসের টিকিট বিক্রি চলছে। এতে যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা বাইরে দাঁড়িয়ে ভোগান্তি পোহাচ্ছেন।
সরেজমিনে দেখা গেছে, দুই কক্ষবিশিষ্ট ওই ছাউনির এক কক্ষে ফাস্ট ফুডের দোকান। অন্য কক্ষ দখল করে বাসমালিক সমিতি টিকিট কাউন্টার বসিয়েছে।
ফাস্ট ফুডের দোকানদার বিপ্লব দাস বলেন, দুই যুগ ধরে তিনি এখানে ব্যবসা করছেন। এ জায়গাটুকুর জন্য তাঁকে প্রতি মাসে সদর উপজেলা পরিষদকে ভাড়া হিসেবে নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয়।
পাশের কক্ষে বাসমালিক সমিতি প্রায় ১২ থেকে ১৩ বছর ধরে জায়গাটি দখল করে আছে। সেখানে টিকিট কাউন্টারের কর্মী আশরাফ হোসেন দাবি করেন, ‘আমরা বারান্দায় টেবিল পেতে যাত্রীদের টিকিট কাটি। যাত্রীদের বসার কোনো অসুবিধা হয় না।’
বাসস্ট্যান্ডে অপেক্ষায় থাকা সদর উপজেলার খলিশাখালি গ্রামের গোরাচাঁদ বিশ্বাস বলেন, এখানে পরিবার-পরিজন নিয়ে বসার জায়গা নেই। খোলা আকাশের নিচে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়। শৌচাগার ও পানিরও কোনো ব্যবস্থা নেই। এ সময় আরও কয়েক যাত্রী জানান, বৃষ্টি হলে তাঁদের দাঁড়ানোর জায়গাটুকুও হয় না। অথচ এখান থেকে প্রতিদিন প্রচুর লোকজন খুলনা, যশোর ও নওয়াপাড়ায় যাতায়াত করেন।
এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে গেলে মামলার কারণে তিনি পলাতক রয়েছেন বলে জানা যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যোগাযোগ করা হলে তাঁর অফিস সহকারী জানান, ছাউনিটি ইজারা দেওয়া হয়েছে। শুরুতে ১৫০ টাকা নেওয়া হলেও এখন ৭০০ টাকা নেওয়া হয়। ওই টাকা তহবিলে জমা রাখা হয়। তবে কোন তহবিলে জমা রাখা হয়, তা তিনি বলতে পারেননি।
জানতে চাইলে ইউএনও জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘দোকানটি ভাড়া দেওয়া হয়েছে। ওই টাকা উপজেলা পরিষদের ফান্ডে জমা হয়। অন্য কক্ষটি ভাড়া দেওয়া হয়নি।’ তবে যাত্রীদের সুবিধার্থে প্রয়োজনে সেটি দখলমুক্ত করা হবে বলে জানান তিনি।