নৌপথে দেড় হাজার যাত্রীবাহী লঞ্চ চলছে নিবন্ধন ছাড়া
যাত্রীবাহী নৌযানের প্রায় অর্ধেকের অনুমোদন নেই
সারা দেশে নৌপথে চলাচল করছে বিভিন্ন ধরনের প্রায় ২০ হাজার নৌযান। এর মধ্যে যাত্রীবাহী নৌযানের সংখ্যা প্রায় তিন হাজার। এগুলোর অর্ধেকেরই নিবন্ধন নেই। বিভিন্ন সময় শতাধিক নিবন্ধিত লঞ্চের ফিটনেস সনদ বাতিল করা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, যাত্রী ও পণ্যবাহী নৌযানগুলোর মধ্যে নিবন্ধিত নৌযানের সংখ্যা ১০ হাজার ২৯৬। প্রায় সমসংখ্যক নৌযানের নিবন্ধন নেই, যার অধিকাংশই পণ্যবাহী।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের একজন পরিদর্শক প্রথম আলোকে বলেন, অনিবন্ধিত নৌযানের বেশির ভাগই বালু পরিবহন করে থাকে। আর যাত্রীবাহী অনিবন্ধিত নৌযানের মধ্যে অধিকাংশই ট্রলার; কিছু কিছু ছোট আকারের লঞ্চও রয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া বলেন, অনেক ট্রলার ও ছোট লঞ্চ আছে, যেগুলো দুর্ঘটনায় পড়লে ধরার জন্য মালিকও খুঁজে পাওয়া যায় না।
নিবন্ধিত নৌযানের মধ্যে যাত্রীবাহী লঞ্চ ৯২৩টি, যাত্রীবাহী ট্রলার ও বোট ৫৯১, মালবাহী লঞ্চ ২ হাজার ৩৯১, পণ্যবাহী নৌযান ৫৯১ এবং বালুবাহী নৌযান ৪ হাজার ১৪১টি। এ ছাড়াও ড্রেজার, বার্জ, টাগবোট, ওয়ার্ক বোটসহ বিভিন্ন নৌযান চলছে আরও ১ হাজার ৪৬১টি। ৩০ বছরের পুরোনো লঞ্চের নিবন্ধন এমনিতেই বাতিল হয়ে যায়। একইভাবে কোনো নিবন্ধিত যাত্রীবাহী লঞ্চ তিন বছর জরিপের আওতায় আনা না হলে তা বাতিল হয়ে যায়। তবে নিবন্ধন নবায়নের সময়সীমা অতিক্রান্ত হওয়া অনেক লঞ্চও নৌপথে চলছে।
অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, অনিবন্ধিত নৌযানের মধ্যে কিশোরগঞ্জ, সুনামগঞ্জসহ শুধু হাওর অঞ্চলে চলাচল করছে এক হাজারেরও বেশি লঞ্চ। এসব লঞ্চ দুর্ঘটনায় পড়লে অনেক সময় খবরও পাওয়া যায় না। হাওর এলাকায় অধিদপ্তরের পরিদর্শকও যান না।
বিভিন্ন সময়ে যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার মুখে পড়ে বালুবাহী নৌযানের সঙ্গে ধাক্কা লেগে। ২০০৭ সালে ব্রাহ্মণবাড়িয়ায় এমভি বিপাশা দুর্ঘটনাকবলিত হয় একটি অনিবন্ধিত বালুবাহী নৌযানের ধাক্কায়। গত বছরের ২২ ফেব্রুয়ারি পাটুরিয়া ঘাট থেকে কার্গো লঞ্চ এমভি নার্গিসের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী লঞ্চ এমভি মোস্তফা। এতে ২৭ শিশুসহ ৭০ জন যাত্রী প্রাণ হারায়। কিছুদিন আগেও পটুয়াখালীতে ট্রলার দুর্ঘটনায় আটজন যাত্রীর মৃত্যু হয়েছে। বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২০০ মানুষ।
সমুদ্র পরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, চলাচলের অযোগ্য প্রমাণ হওয়ায় ২০০৪ সালে ৬৭টি যাত্রীবাহী লঞ্চের ফিটনেস সনদ বাতিল করা হয়েছিল, যার ৩১টি ধ্বংস করে ফেলা হয়েছে। তারপর আনুষ্ঠানিকভাবে বাতিল করা নৌযানের সংখ্যা ৩৫টির মতো। চলতি বছরের শুরুতে মাদারীপুর ও সুরেশ্বর রুটের কিছু লঞ্চের ফিটনেস বাতিল করা হয়। কিন্তু সেগুলোর কয়েকটি গত ঈদুল ফিতরেও চলাচল করেছে বলে অধিদপ্তরের সূত্রে জানা যায়।
জানতে চাইলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর জাকিউর রহমান ভূঁইয়া গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, অনিবন্ধিত অনেক লঞ্চ রয়েছে সত্য। কিন্তু সেখানে বড় নৌযান কম। বেশির ভাগই তৈরি হয়েছে নদীর ধারে, মাঠে বা বাড়ির আঙিনায়। এগুলোকে ভ্যাটের আওতায় আনার চেষ্টা চলছে, সফল হলে নিবন্ধনও সম্ভব।
তিনি আরও বলেন, যে লঞ্চগুলোর কাঠামোর পরিবর্তন করা হয়েছে, নৌপথে সেগুলোর চলাচল ঝুঁকিপূর্ণ। এগুলো ডুবে যেতে পারে। এ জন্য ২০০৮ সালে কাঠামো পরিবর্তন না করার নির্দেশ দিয়েছিল অধিদপ্তর।
লঞ্চমালিকদের সমিতি অভ্যন্তরীণ নৌপরিবহন (যাত্রী-পরিবহন) সংস্থা এবং কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, অনিবন্ধিত লঞ্চগুলোর নিবন্ধনের জন্য জরিপ পরিচালনায় সমুদ্র পরিবহন অধিদপ্তর সময় দিতে পারে না।