যাত্রীবাহী বাসে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর মোক্তার বাড়ির দরজা নামক স্থানে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আজ সকালে সুগন্ধা পরিবহনের এ বাসটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: প্রথম আলো
ফেনীর দাগনভূঞা উপজেলার আজিজ ফাজিলপুর মোক্তার বাড়ির দরজা নামক স্থানে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে আজ সকালে সুগন্ধা পরিবহনের এ বাসটি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ছবি: প্রথম আলো

ফেনীর দাগনভূঞা উপজেলায় যাত্রীবাহী একটি বাস আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। আজ সোমবার সকাল সাতটার দিকে আজিজ ফাজিলপুর মোক্তার বাড়ির দরজা নামক স্থানে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সকালে ফেনীর মহিপাল থেকে যাত্রী নিয়ে নোয়াখালীর সোনাপুরের উদ্দেশে রওনা হয়। সকাল সাতটার দিকে বাসটি আজিজ ফাজিলপুর মোক্তার বাড়ির দরজা নামক স্থানে পৌঁছালে সড়কে থাকা যাত্রীবেশী কয়েকজন যুবক হাত নাড়িয়ে বাসটিকে থামাতে বলেন। বাস থামার সঙ্গে সঙ্গে তাঁরা বাসে উঠে যাত্রীদের জোর করে নামিয়ে দেন। পরে পেট্রল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে বাসের আসনসহ ভেতরের অংশ পুরোপুরি পুড়ে যায়। খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোড়া বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।