যাত্রীবাহী লঞ্চে এক নারীকে ধর্ষণের চেষ্টা
চাঁদপুরের মেঘনা নদীতে মাদারীপুরগামী এমভি পারাবাত-১৪ নামে যাত্রীবাহী একটি লঞ্চের কেবিনে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে চাঁদপুর নৌ পুলিশ। গত রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার যুবকেরা সবাই রাজধানী ঢাকার জুরাইন এলাকার বাসিন্দা।
ওই নারী জানান, তিনি তাঁর বন্ধুর সঙ্গে মাদারীপুরে যাওয়ার জন্য রোববার রাত সাড়ে আটটায় সদরঘাট থেকে মাদারীপুরগামী এমভি পারাবাত-১৪ লঞ্চে ওঠেন। লঞ্চটি চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর এলাকায় পৌঁছালে কেবিনের সামনে এসে ওই যুবকেরা নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁদের দরজা খুলতে বাধ্য করেন। ওই মেয়ের বন্ধুকে লঞ্চের ছাদে নিয়ে মারধর করে। পরে তাঁরা মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। মেয়েটির বন্ধুর চিৎকার শুনে লঞ্চের যাত্রীরা এসে ওই চার যুবককে আটক করে লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছালে পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় তল্লাশি করে তাঁদের কাছ থেকে দুটি গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আক্রান্ত নারী জানান, চার যুবক সদরঘাটে লঞ্চে ওঠার আগে থেকেই তাঁদের অনুসরণ করছিলেন।
চাঁদপুর মডেল থানার ওসি মামুনুর রশীদ বলেন, গতকাল সোমবার ওই চার যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।