যাত্রীবেশী ডাকাতদের খপ্পরে
বগুড়ার শেরপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে একটি বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় বাসের আট যাত্রী আহত হয়েছেন। পরে ডাকাতেরা তাঁদের কাছ থেকে ৫৫ হাজার টাকা ও কয়েকটি মুঠোফোন লুট করে। একপর্যায়ে ডাকাতেরা হাত-মুখ ও চোখ বেঁধে যাত্রীদের বাস থেকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।
ডাকাতির শিকার ময়মনসিংহের ভালুকার একটি পোশাক কারখানার সহকারী মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক মিজানুর রহমান জানান, ওই দিন বাসে করে তিনি নিজ বাড়ি কুড়িগ্রাম সদর থানার ভেরভেরী গ্রামে ফিরছিলেন। রাত সোয়া আটটার দিকে সিরাজগঞ্জ মোড় থেকে রংপুরগামী ওই বাসটিতে তিনিসহ আটজন যাত্রী ওঠেন। বাসে ওঠা তাঁরা সবাই ছিলেন চাকরিজীবী। বাসের ভেতর আগে থেকেই আরও ১২-১৫ জন যাত্রী ছিলেন। সিরাজগঞ্জ মোড় থেকে বাসটি ছেড়ে দেওয়ায় ১৫-২০ মিনিট পর বাসে থাকা অপর যাত্রীরা তাঁদের কাছে এসে আট যাত্রীকেই হাতুড়ি দিয়ে শরীরে আঘাত করেন। একপর্যায়ে তাঁদের হাত-মুখ ও চোখ বেঁধে ফেলেন। এরপর ডাকাতদল তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন সেটসহ নগদ চার হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। একইভাবে তারা অপর যাত্রীদের কাছ থেকে মুঠোফোনসহ নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তারা তাঁদের হাত-মুখ ও চোখ বাঁধা অবস্থায় শেরপুরের রাজাপুর এলাকায় বাস থেকে নামিয়ে সড়কের পাশের কাদাপানিতে ফেলে যায়।
ওই রাতে উপজেলার মহাসড়ক এলাকায় দায়িত্বরত শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মজিদ সরকার জানান, তাঁরা শরীরে কাদামাখা অবস্থায় ওই ব্যক্তিদের দেখে এগিয়ে যান। পরে তাঁদের কয়েকজনের হাত-মুখ ও চোখের বাঁধন খুলে দেন। এ ঘটনা নিয়ে ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি থানায় কোনো অভিযোগ দেননি। তবে তাঁরা বাসটির সন্ধান করছেন।