যাত্রীবেশে অটোরিকশা ছিনতাই করে তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাঁচলাইশ থানা প্রাঙ্গণে পুলিশের অভিযানে উদ্ধার করা অটোরিকশা l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের পাঁচলাইশ থানা প্রাঙ্গণে পুলিশের অভিযানে উদ্ধার করা অটোরিকশা l ছবি: প্রথম আলো

যাত্রীবেশে সিএনজিচালিত অটোরিকশা ভাড়া নেয় তারা। তাদের গন্তব্য থাকে কোনো নির্জন এলাকা। সেখানে চালকের হাত-পা বেঁধে গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা। পরে মালিককে ফোন করে গাড়ি ফেরত দিতে বিকাশের মাধ্যমে টাকা নেয়। আবার অনেক সময় টাকা নিলেও গাড়ি ফেরত দেয় না। ছিনতাই চক্রটির লক্ষ্য থাকে নম্বরবিহীন অটোরিকশা চুরি করা। যাতে ছিনতাইয়ের পর মালিক আইনগত কোনো ব্যবস্থা নিতে না পারেন।
অটোরিকশা ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তারের পর সাংবাদিকদের এসব তথ্য জানায় পুলিশ। টানা পাঁচ দিন ধরে অভিযান চালিয়ে ঢাকা, নোয়াখালী, বান্দরবান ও চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আন্তজেলা গাড়ি ছিনতাই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে চট্টগ্রামের পাঁচলাইশ থানার পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পাঁচলাইশ থানা কার্যালয়ে গ্রেপ্তার গাড়ি ছিনতাই চক্রের ছয় সদস্যকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তাঁরা হলেন মো. সাহাবুদ্দিন (২৫), মো. মনির (৪৪), আবদুল জব্বার (৪৪), মো. শাহজাহান (৪০), মো. শামসুদ্দিন (২৫) ও মো. আজাদ (৩৬)। তাঁদের কাছ থেকে নম্বরবিহীন আটটি অটোরিকশাও উদ্ধার করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার ছয় সদস্য জানিয়েছেন তাঁদের চক্রে আরও ১৫ জন সদস্য রয়েছে। ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী ও বান্দরবানে এই চক্র গড়ে তোলা হয়েছে। যাত্রীবেশে ভাড়া নিয়ে নম্বরবিহীন অটোরিকশা ছিনতাই করে আসছে ওই চক্র। পরে মালিকের কাছ থেকে সর্বোচ্চ এক লাখ থেকে সর্বনিম্ন ৬০ হাজার টাকা নেওয়া হয়। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়েও গাড়ি ফেরত দেয়নি।
ওসি মহিউদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ১৬ জানুয়ারি সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে ছিনতাই চক্রের সদস্য সাহাবুদ্দিন ও মনিরকে প্রথমে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুর থেকে আবদুল জব্বার, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে শাহজাহান ও নোয়াখালীর বেগমগঞ্জ থেকে শামসুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জ থেকে তিনটি অটোরিকশা এবং বান্দরবান থেকে পাঁচটি অটোরিকশাসহ মো. আজাদকে গ্রেপ্তার করা হয়। ছিনতাই করা ওই আটটি অটোরিকশার কোনোটিরই নিবন্ধন নেই।