যাত্রীবেশে ছিনতাই অতঃপর ধরা
সিএনজিচালিত অটোরিকশায় যাত্রীবেশে ছিল দুই ছিনতাইকারী। এক যাত্রী অটোরিকশা থেকে নেমে মানিব্যাগ খুলে ভাড়া দিচ্ছিলেন। এ সময় দুই ছিনতাইকারী ছোঁ মেরে মানিব্যাগ নিয়ে দৌড় দেয়। ছিনতাইয়ের শিকার ব্যক্তিও দেন ভোঁ দৌড়। প্রায় ১০০ গজ দৌড়ানোর পর দুই ছিনতাইকারী যখন আরেকটি অটোরিকশায় উঠে যাচ্ছিল, তখন দুজনকে ধরে ফেললেন ওই ব্যক্তি। জনতার সহায়তায় আটক করা হয় তাদের, দেওয়া হয় পুলিশে।
সিলেট নগরের বন্দরবাজার এলাকায় গতকাল রোববার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যক্তি হলেন মুহিদুল ইসলাম। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি।
আটক দুই ছিনতাইকারী হলো সিলেট নগরের শাহপরান এলাকার আবদুল মজিদ (২৭) ও মোগলাবাজারের আবুল কালাম।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, এ ধরনের ছোটখাটো ছিনতাইয়ের ঘটনায় সাধারণত কেউ থানায় অভিযোগ করে না। তাই পুলিশও ব্যবস্থা নিতে পারে না। মুহিদুলের সাহসিকতার জন্য পুলিশের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানানো হয়েছে। ওসি জানান, এ ঘটনায় মুহিদুল মামলা করেছেন। ওই মামলায় আটক দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের কাছ থেকে মুহিদুলের ৪ হাজার ১০০ টাকা উদ্ধার করে ফেরত দেওয়া হয়েছে।