যাত্রীবেশে ছিনতাই, ৩ জনকে ধরে পুলিশে দিল জনতা
যাত্রীবেশে অটোরিকশায় ওঠেন তাঁরা। পরে সুযোগ বুঝে অন্য যাত্রীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে টাকা, মুঠোফোন ছিনতাই করে নেমে পড়েন। এ কাজে জড়িত থাকেন অটোরিকশার চালকও। এ রকম তিন ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। গত রোববার রাতে চট্টগ্রামের মুরাদপুর-হাটহাজারী সড়কের আমিন জুট মিল এলাকায় এ ঘটনা ঘটেছে। এই সড়কে সিএনজিচালিত অটোরিকশায় ভাড়ায় একাধিক যাত্রী তোলা হয়।
গ্রেপ্তার করা তিন ছিনতাইকারী হলেন অটোরিকশার চালক মিজান হোসেন, যাত্রীবেশে অটোরিকশায় ওঠা মো. কামাল ও মো. রিয়াজ।
ঘটনার শিকার ফার্নিচার ব্যবসায়ী আলী উদ্দিন প্রথম আলোকে বলেন, মুরাদপুর থেকে হাটহাজারী যাওয়ার জন্য রোববার রাত আটায় একটি অটোরিকশায় ওঠেন তিনি। কিছু দূর যাওয়ার পর মুরাদপুর রেলক্রসিং গেট থেকে আরেক যাত্রীকে তোলেন চালক। আরও কিছু দূর যাওয়ার পর আতুরার ডিপো এলাকা থেকে আরেকজনকে অটোরিকশায় তোলা হয়। অটোরিকশাটি আমিন জুট মিল এলাকায় পৌঁছার পর যাত্রীবেশে ওঠা দুই ব্যক্তি তাঁর চোখে মরিচের গুঁড়া লাগিয়ে দেন। এরপর একজন তাঁর মুখ চেপে ধরেন আর অন্যজন হাত ধরে রাখেন। তাঁদের কাছে ছুরি থাকায় তিনি ভয়ে চিৎকার করেননি। তাঁর কাছ থেকে দুটি মুঠোফোন ও চার হাজার টাকা ছিনিয়ে নেন তাঁরা। পরে অটোরিকশা থেকে তাঁকে রাস্তায় ফেলে দেন তাঁরা। এ সময় তিনি চিৎকার করলে রাস্তায় থাকা লোকজন অটোরিকশাটি আটকান। পরে চালকসহ তিনজনকে ধরে পিটুনি দিয়ে টহল পুলিশের কাছে তুলে দেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন বলেন, তিনজনকে গ্রেপ্তার করা গেলেও দলের আরেক সদস্য মো. আসাদ পালিয়ে যান। তিনি চালকের পাশে বসা ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার করা আসামিরা সিএনজিচালিত অটোরিকশা নিয়ে যাত্রীবেশে ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।