যাত্রীবেশে বাসে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে ছেড়ে আসা দর্শনাগামী রয়েল পরিবহনের একটি নৈশকোচে গতকাল বৃহস্পতিবার ভোরে ডাকাতি হয়েছে। ঝিনাইদহের তেঁতুলতলা এলাকায় যাত্রীবেশী ডাকাতেরা অস্ত্রের মুখে বাসযাত্রীদের জিম্মি করে নগদ অর্থসহ পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
এ সময় ডাকাতদের বাধা দেওয়ায় বাসের পাঁচ যাত্রীকে পিটিয়ে আহত করে তারা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। বাসের সুপারভাইজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ এ বিষয়ে মামলা করতে আসেনি।
বাসে থাকা যাত্রীদের একজন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান জানান, যাত্রীবেশে ছয়-সাতজন ডাকাত ঢাকা থেকে টিকিট নিয়ে বাসে ওঠে। বাসটি বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে রওনা দিলেও দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে যানজট থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষার পর রাত একটার দিকে ফেরিতে ওঠে। ভোর সাড়ে তিনটার দিকে বাসটি ঝিনাইদহ শহর পার হয়ে তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ডাকাতেরা প্রথমে অস্ত্রের মুখে বাসের চালককে পিটিয়ে আহত করে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় তারা যাত্রীদের এলোপাতাড়ি মারধর শুরু করে। তারা যাত্রীদের কাছে থাকা দুটি ল্যাপটপ, কয়েকটি মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া এলাকায় নেমে পড়ে।
যাত্রীদের কয়েকজন অভিযোগ করেন, ডাকাতেরা নারী যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করে। বাসটির ঢাকা থেকে কালীগঞ্জ হয়ে চুয়াডাঙ্গার দর্শনায় যাওয়ার কথা থাকলেও ডাকাতেরা রুট পরিবর্তন করে বাসটি যশোর মহাসড়কের দিকে নিয়ে যায়।