যাত্রীবেশে বাসে ডাকাতি, সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কে গত বুধবার দিবাগত রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতি হয়েছে। দুর্বৃত্তরা যাত্রীবেশে গাড়িতে উঠে লুটপাট চালায়। তাদের হামলায় ফারুক হোসেন (৩৩) নামের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক ইনডিপেনডেন্ট-এর ওই সাংবাদিককে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাঁ চোখের আঘাত গুরুতর। সপ্তাহ খানেক আগেও তিনি ছিনতাইকারীদের কবলে পড়েন।
ফারুক হোসেনের ভাষ্য অনুযায়ী, পেশাগত দায়িত্ব পালন শেষে বুধবার দিবাগত রাতে তিনি সাভার পৌর এলাকার বাসায় ফিরছিলেন। রাত আড়াইটার দিকে প্রতিষ্ঠানের গাড়িতে করে তিনি গাবতলী পৌঁছে পাটুরিয়াগামী একটি বাসে ওঠেন। ওই বাসে ৩০ জনের মতো যাত্রী ছিলেন। বাসটি আমিনবাজার এলাকা পার হয়ে সালেহপুর সেতুর কাছে পৌঁছালে যাত্রীবেশী কয়েকজন ডাকাত হঠাৎ যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা অস্ত্রের মুখে যাত্রীদের কাছে থাকা মালামাল ও টাকাপয়সা লুট করতে থাকে। তিনিও তাঁর কাছে থাকা মুঠোফোন ও টাকা দিয়ে দেন। কিন্তু তার পরও তাঁকে হাত-পা বেঁধে বাসের ভেতরেই বেদম মারধর করা হয়। একপর্যায়ে কিছু একটা দিয়ে তাঁর চোখ তুলে ফেলার চেষ্টা করা হয়। এতে তাঁর বাঁ চোখ মারাত্মক জখম হয়। একপর্যায়ে ডাকাতেরা মৃত ভেবে তাঁকে চলন্ত বাস থেকে আশুলিয়ার জিরানী এলাকায় সড়কের পাশে পানিতে ফেলে দেয়। পরে একটি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ফারুক হোসেনের অভিযোগ, সপ্তাহ খানেক আগে ছিনতাইয়ের ঘটনার পর তিনি সাভার মডেল থানায় মামলা করতে গেলে পুলিশ তাঁর মামলা নেয়নি। থানার কর্তব্যরত কর্মকর্তা শুধু সাধারণ ডায়েরি (জিডি) নেন। এর পর থেকেই ছিনতাইকারীরা তাঁকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। বুধবারের রাতের ঘটনা ওই ঘটনারই জের বলে তিনি মনে করেন।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ওই সময় থানায় দায়িত্বে ছিলেন অন্য কর্মকর্তারা। তাঁরা সম্প্রতি বদলি হয়েছেন। ওসিসহ আমি সদ্য দায়িত্ব নিয়েছি। তাই আগের বিষয়টি আমাদের জানা নেই।’ তিনি বলেন, বুধবারের রাতের ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।