যাত্রীর কোমরে মিলল ১০ কেজি সোনা
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল শনিবার ভোরে আবুল হোসেন নামের এক যাত্রীর কোমরে বিশেষ কায়দায় রাখা প্রায় ১০ কেজি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দারা। এ ঘটনায় ওই যাত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা বলেন, শুল্ক গোয়েন্দাদের কাছে গোপন খবর আসে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজে একজন যাত্রী দুবাই থেকে ১০ কেজি সোনা আনছেন। তিনি শাহজালাল বিমানবন্দরে নামবেন। এই তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা শাহজালাল বিমানবন্দরে অবস্থান নেন। তাঁরা ওই যাত্রীর আসন নম্বর ও পাসপোর্ট নম্বর জেনেছিলেন। উড়োজাহাজটি গতকাল ভোর সোয়া পাঁচটার দিকে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশনসহ আনুষঙ্গিক কাজ শেষে ঘণ্টা খানেক পর লাগেজ কাউন্টারের সামনে আবুল হোসেনকে সোনার চালানের বিষয়ে জিজ্ঞাসা করেন শুল্ক গোয়েন্দারা। কিন্তু তিনি নিজের কাছে সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে শুল্ক গোয়েন্দারা তল্লাশি চালিয়ে কোমরের দুই পাশে স্কচটেপে মোড়ানোর ৮৪টি সোনার বার উদ্ধার করে। এর ওজন প্রায় ১০ কেজি।
অভিযান পরিচালনকারী শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক তারেক মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেন, উদ্ধার করা সোনার দাম প্রায় সাড়ে চার কোটি টাকা। জিজ্ঞাসাবাদে আবুল বলেছেন, তিনি দুবাইয়ে হোটেলে কাজ করেন। ৫০ হাজার টাকার বিনিময়ে তিনি সোনা বহন করেছিলেন। দুবাইয়ের এক ব্যক্তি এই সোনা তাঁকে দিয়ে বলেছিলেন, শাহজালাল বিমানবন্দরের বাইরে এক ব্যক্তি তা গ্রহণ করবেন।
তবে কে ওই সোনা আবুল হোসেনকে দিয়েছিলেন এবং কাকে দেওয়ার কথা ছিল তা জানাননি তারেক মাহমুদ। এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, কাতারের দোহা থেকে উড়োজাহাজটি দুবাই হয়ে ঢাকায় পৌঁছায়।