যাত্রীর পকেটে এক কেজি সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার দুপুরে এক কেজি সোনার বার উদ্ধার করা হয়। ছবি: প্রথম আলো
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বৃহস্পতিবার দুপুরে এক কেজি সোনার বার উদ্ধার করা হয়। ছবি: প্রথম আলো

বিমানবন্দর–সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফাঁকি দিতে পকেটে লুকিয়ে রেখেছিলেন সোনার বার। তবে সফল হতে পারেননি থাইল্যান্ড থেকে আসা রাজু আকন্দ (৩৫) নামের এক বিমানযাত্রী। হাতেনাতে তাঁকে ধরা ফেলেন শুল্ক কর্মকর্তারা। তল্লাশি করে ওই যাত্রীর পকেট থেকে উদ্ধার করা হয় এক কেজি সোনার বার। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার রেজাউল করিম প্রথম আলোকে বলেন, টাইগার এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে আজ দুপুর ১২টার দিকে ব্যাংকক থেকে ঢাকায় আসেন রাজু। গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারের সামনে তাঁকে তল্লাশি করা হয়। এ সময় রাজুর পরনে ফুলপ্যান্টের পেছনের পকেট থেকে এক কেজি ওজনের একটি সোনার বার ও ৬২ গ্রাম ওজনের সোনার টুকরো পাওয়া যায়। জব্দ হওয়া সোনার মূল্য ৫২ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু বলেছেন, তিনি জব্দ হওয়া সোনার মালিক নন। ব্যাংককে এক ব্যক্তি তাঁকে সোনার বার দিয়েছিলেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

গতকাল বুধবার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড থেকে আসা নাজমুল হক বশীর নামের এক যাত্রীর দুই পায়ের মোজার ভেতর থেকে ১৮টি সোনার বার (মোট দুই কেজি) উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। আগের দিন মঙ্গলবার চার্জার লাইটের ব্যাটারির ভেতর থেকে প্রায় দেড় কেজি সোনা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। এর সঙ্গে জড়িত অভিযোগে শাহাদত মিয়া নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়।