যাত্রীর পকেটে ৭৫ লাখ টাকার সোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়া ৭৫ লাখ টাকার সোনা। ছবি: শুল্ক বিভাগের সৌজন্যে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়া ৭৫ লাখ টাকার সোনা। ছবি: শুল্ক বিভাগের সৌজন্যে

দুবাই থেকে রওনা হওয়ার আগে সোনার কয়েকটি বার ও কিছু গয়না স্কচটেপ দিয়ে প্যাকেট করা হয়। প্যাকেটটি প্যান্টের পকেটে লুকিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন এমিরেটস এয়ারলাইনসের যাত্রী মোজাফ্ফর হোসেন (৪১)। তবে গ্রিন চ্যানেলের সামনে তাঁকে তল্লাশি করে প্যাকেটটি উদ্ধার করেন ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দলের কর্মকর্তারা।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। শুল্ক বিভাগ জানায়, আটক করা সোনাও ওজন প্রায় দেড় কেজি। এসব সোনার মূল্য ৭৪ লাখ ২৫ হাজার টাকা।

ঢাকা কাস্টম হাউসের সহকারী (এসি) কমিশনার সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে করে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকায় আসেন মোজাফ্ফর হোসেন। গোপন সংবাদ পেয়ে আগে থেকেই গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থান নেন শুল্ক কর্মকর্তারা। রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার পাড় হওয়ার সময় মোজাফ্ফর হোসেনকে জিজ্ঞাসা করা হয়। প্রথমে তিনি সোনা থাকার কথা অস্বীকার করেন। তবে মোজাফ্ফর অসংলগ্ন আচরণ করতে থাকেন। এ সময় ব্যাগেজ কাউন্টারে এনে আবারও জিজ্ঞাসাবাদ করা সোনার থাকার কথা স্বীকার করে তিনি। ওই যাত্রীর প্যান্টের পকেট থেকে উদ্ধার হওয়া প্যাকেটে ১১৬ গ্রাম ওজনের ১২টি বার ও ১০৫ গ্রাম ওজনের সোনার গয়না পাওয়া যায়। মোজাফ্ফরের বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার জামালপুর গ্রামে।

এসি সাইদুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে মোজাফ্ফর নিজেকে ঠিকাদার হিসেবে দাবি করেন। তবে তিনি প্রায়ই দেশের বাইরে যাতায়াত করেন। মোজাফ্ফরের পাসপোর্ট দেখে জানা গেছে, তিনি গত ১০ মাসে ১৫ বার বিদেশে গেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।