যাত্রীর পেট থেকে বেরোল সোনার বার
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন দিনের ব্যবধানে আবারও যাত্রীর পেট থেকে সোনার বার উদ্ধারের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে খোরশেদ আলম নামে মালয়েশিয়ান এয়ারলাইনসের এক যাত্রীর পেট থেকে ১০টি সোনার বার উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। তাঁর বাবার নাম মঞ্জু মিয়া। বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, খোরশেদ আলম মালয়েশিয়া থেকে গতকাল রাত সাড়ে ১২টার দিকে ঢাকায় আসেন। বিমানবন্দরে কাস্টমস হলে ঘোরাঘুরির সময় শুল্ক কর্মকর্তারা তাঁকে চ্যালেঞ্জ করেন। এ সময় তিনি শুল্ক কর্মকর্তাদের হুমকিও দেন। মেটাল ডিটেক্টর আনার পর খোরশেদ আলম তাঁর কাছে সোনার বার থাকার কথা স্বীকার করেন। একপর্যায়ে শৌচাগারে নেওয়ার পর ১০টি সোনার বার বের করেন তিনি। উদ্ধার হওয়া সোনার বারের ওজন এক কেজি। এর মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
এর আগে ৪ জুন মো. কামাল নামের মালয়েশিয়া থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীকে ৮০০ গ্রাম সোনাসহ আটক করেন শুল্ক কর্মকর্তারা। ওই যাত্রীর বাড়িও কুমিল্লায়।