যাত্রীর পেট থেকে ১৫ স্বর্ণবার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর পেট থেকে ১৫টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। গতকাল মঙ্গলবার সকালে ১ কেজি ৭৫০ গ্রাম ওজনের ওই সোনা উদ্ধার করা হয়।
এ ঘটনায় যাত্রী শাহাদাত হোসেনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের আনোয়ারায়। সকাল ১০টায় উড়োজাহাজ সংস্থা ‘ফ্লাই দুবাই’-এর একটি উড়োজাহাজে দুবাই থেকে শাহাদাত চট্টগ্রামে আসেন। তাঁর হাঁটাচলায় সন্দেহজনক মনে হলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি সোনা থাকার কথা স্বীকার না করায় বন্দর হাসপাতালে নিয়ে পেট কেটে সোনা বের করার কথা জানান কর্মকর্তারা। তখন ভয়ে তিনি পেটে সোনা থাকার কথা স্বীকার করেন। দীর্ঘ সময় ধরে পেটের ভেতর সোনা রাখায় তিনি অসুস্থ হয়ে পড়েন।