যাত্রীর শরীরে লুকানো নয় কেজি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও যাত্রীর শরীরে লুকিয়ে রাখা সোনার বার উদ্ধার করা হয়েছে। গত বুধবার গভীর রাতে থাইল্যান্ড থেকে আসা এক যাত্রীর শরীর থেকে নয় কেজি ওজনের এই বার উদ্ধার করা হয়। ওই যাত্রীর নাম সিরাজুল ইসলাম (৪১)।
এর আগে শুল্ক গোয়েন্দারা গত বুধবার সকালে মাস্কট থেকে রিজেন্ট এয়ারলাইনসের একটি উড়োজাহাজ চট্টগ্রাম হয়ে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর দুই নারী যাত্রীর শরীরে রাখা ৪ দশমিক ৬ কেজি ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করেন।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, বুধবার গভীর রাতে ব্যাংকক থেকে আসা উড়োজাহাজে (ফ্লাইট নম্বর পিজি ০৭৪৫) সিরাজুল ইসলাম নামের এক যাত্রী ঢাকায় আসেন। শুল্ক গোয়েন্দার একটি দল তাঁকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে তিনি সোনা থাকার কথা অস্বীকার করেন। পরে ব্যাগেজ কাউন্টারে এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শরীরে সোনা রাখার কথা জানান। দুই পায়ের হাঁটুতে স্কচটেপ দিয়ে নয়টি বার ও ২৭৮ গ্রামের একটি বারের অংশবিশেষ পাওয়া যায়। এর মধ্যে পাঁচটি বার তাঁর ডান পায়ে ও চারটি বার বাঁ পায়ে স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। সিরাজুলের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের বসন্তবাগে।
পরিত্যক্ত অবস্থায় তিন কেজি সোনা উদ্ধার
গত বুধবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে শৌচাগারে ময়লার ঝুড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় তিন কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বলেন, বুধবার সন্ধ্যা ছয়টার দিকে গোপন সংবাদ পেয়ে বিমানবন্দরের ১ নম্বর বোর্ডিং ব্রিজের শৌচাগার থেকে সোনার বারের প্যাকেট উদ্ধার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। শৌচাগারের ভেতর ময়লার ঝুড়ির মধ্যে সাদা স্কচটেপ মোড়ানো দুটি প্যাকেট ছিল। এর একটিতে এক কেজি ওজনের দুটি ও ১০০ গ্রাম ওজনের ৮টি সোনার বার উদ্ধার করা হয়। ওই সোনার ওজন ২ কেজি ৮০০ গ্রাম। ধারণা করা হচ্ছে, পাচারের সুযোগ না পেয়ে চোরাচালানকারী সোনার বারগুলো ফেলে যায়।