যান তিনটি, নম্বর একই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনটি মোটরসাইকেলের কোম্পানির নিবন্ধন, চ্যাসিস ও ইঞ্জিন নম্বর একই। চুয়াডাঙ্গা পুলিশ শহরে তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করে। ছবিটি গতকাল সদর থানা চত্বর থেকে তোলা l প্রথম আলো
তিনটি মোটরসাইকেলের কোম্পানির নিবন্ধন, চ্যাসিস ও ইঞ্জিন নম্বর একই। চুয়াডাঙ্গা পুলিশ শহরে তল্লাশি চালিয়ে এগুলো জব্দ করে। ছবিটি গতকাল সদর থানা চত্বর থেকে তোলা l প্রথম আলো

চুয়াডাঙ্গায় ট্রাফিক পুলিশ একই নিবন্ধন নম্বরের (খুলনা মেট্রো ল ১১-২৪৫৭) তিনটি মোটরসাইকেল জব্দ করেছে। পৃথক তল্লাশি চালিয়ে এসব মোটরসাইকেল জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে সংরক্ষিত তথ্য অনুযায়ী ওই নিবন্ধন নম্বরের মোটরসাইকেলের বৈধ মালিক খুলনার নিরালা আবাসিক এলাকার মাসুদুজ্জামান। তবে একই নিবন্ধন নম্বরের হলেও জব্দকৃত তিনটি মোটরসাইকেলের চ্যাসিস ও ইঞ্জিন নম্বরে ঘষামাজা করা হয়েছে।
জেলা ট্রাফিক পুলিশ কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা-কুষ্টিয়া মহাসড়কে পৌর এলাকার সরকারি ছাগল খামারের পাশে যানবাহনের বৈধ কাগজপত্র তল্লাশির সময় কালো ও নীল রঙের ১৫৩ সিসি ইয়ামাহা এফজেড মডেলের একটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার নিবন্ধন নম্বর খুলনা মেট্রো ল ১১-২৪৫৭। মোটরসাইকেলটির চালক চুয়াডাঙ্গা সদরের কুতুবপুর গ্রামের মো. সোহাগের কাছ থেকে পাওয়া কাগজপত্র যাচাইকালে বিআরটিএ কর্তৃপক্ষ তা সঠিক নয় বলে জানায়। ওই ঘটনায় পরদিন সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, একটি সংঘবদ্ধ চক্র চোরাই মোটরসাইকেলে এভাবে ভুয়া নিবন্ধন নম্বর লাগিয়ে ব্যবসা করছে। চক্রের সদস্যদের ধরতে পদক্ষেপ নেওয়া হয়েছে।