যানজটের মধ্যে হঠাৎ গুলিতে আহত রিকশাচালকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে অজ্ঞাতনামা ব্যক্তিদের ছোড়া গুলিতে আহত রিকশাচালক গতকাল বুধবার বিকেলে মারা গেছেন। একই ঘটনায় গুলিবিদ্ধ সিএনজিচালিত অটোরিকশাচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গত সোমবার গভীর রাতে তাঁরা গুলিবিদ্ধ হন।
নিহত রিকশাচালকের নাম মো. হাকিম (২৫)। তাঁর মা মনোয়ারা বেগম গৃহকর্মীর কাজ করেন। তিনি অভিযোগ করেন, ‘ডাক্তাররা আমার ছেলেরে কোনো অপারেশন করেনি, গুলিও বাইর করেনি। রক্তও বন্ধ হয় না।’ তিনি জানান, ধারদেনা করে সাত হাজার টাকা সংগ্রহ করেছিলেন ছেলের চিকিৎসার জন্য।
গতকাল বিকেল চারটায় হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বিছানায় শোয়া হাকিমের রক্তে লুঙ্গি ভিজে যাচ্ছে। তাঁর হাতে স্যালাইনের নল লাগানো।
হাসপাতালে আহত অটোরিকশাচালক ইয়াকুব আলী শেখ (৪০) জানান, তিনি জনকণ্ঠ পত্রিকার ভাড়া করা অটোরিকশা চালান। সোমবার রাত পৌনে দুইটার দিকে একজন সাংবাদিককে নিয়ে নিউ ইস্কাটন রোডের জনকণ্ঠ ভবন থেকে বের হন। একটু পরেই রমনা থানার এলাকায় দিলু রোড ডাস্টবিনের সামনে যানজটে পড়েন। তাঁর গাড়ির পেছনেই ছিল নিহত হাকিমের রিকশা। হঠাৎ একটি কালো গাড়ি থেকে ছয়-সাতটা গুলি করা হয়। বুকের ডান দিকে গুলি লাগলে তিনি বুক চেপে ধরে গাড়ির ভেতরে বসে পড়েন। এরপর আর কিছু বলতে পারেন না।
জনকণ্ঠ পত্রিকার একজন সাংবাদিক জানান, রাতের পালার কাজ শেষে পত্রিকাটির জ্যেষ্ঠ সহসম্পাদক আল আমিনকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছিলেন ইয়াকুব। এর মধ্যেই এই গুলির ঘটনা ঘটে। হঠাৎ একটি নোয়া মাইক্রোবাস থেকে গুলি করা হয়। তবে গুলির পরে আল আমিন গাড়ি থেকে নেমে দাঁড়ালেও হামলাকারীরা তাঁর ওপর হামলা না চালিয়ে চলে যায়।
আল আমিনের ধারণা, অন্য কাউকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছিল।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, নিহত হাকিমের মা মনোয়ারা বেগম মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনাটি কারা, কেন ঘটাল সে বিষয়ে পুলিশ কোনো ধারণা পায়নি।
মনোয়ারার দুই ছেলের মধ্যে হাকিম বড়। তাঁদের গ্রামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলায়।