ইজারা দেওয়া হয়েছে যানবাহন থেকে মালামাল ওঠানো-নামানোর কাজে নিয়োজিত কুলির টোল আদায়ের জন্য, কিন্তু চাঁদা আদায় করা হচ্ছে যানবাহন থেকে। চাঁদা আদায় করা হচ্ছে পুলিশের নামেও।
অভিযোগ রয়েছে ঢাকার সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহন থেকে মাসে প্রায় সাড়ে ছয় লাখ টাকা চাঁদা আদায় হয়ে থাকে।
অথচ সাভার পৌরসভা থেকে বাসস্ট্যান্ড-সংলগ্ন ‘যানবাহন ও কুলি স্ট্যান্ড’ নামে দেওয়া ইজারার শর্ত অনুযায়ী শুধু যানবাহন থেকে মালামাল ওঠানো-নামানোর কাজে নিয়োজিত কুলির টোল আদায় করা যাবে। তথ্য অধিকার আইনে আবেদন করে পৌরসভা থেকে এ তথ্য পাওয়া গেছে।
সাভার পৌরসভা সূত্র জানায়, বাংলা ১৪২২ সালের জন্য সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন যানবাহন ও কুলি স্ট্যান্ডসহ সাভার পৌর এলাকার ১১টি হাটবাজার ও বালুঘাট ইজারা দেওয়া হয়েছে। সমঝোতার ভিত্তিতে সাভার থানা যুবলীগের আহ্বায়ক সেলিম মণ্ডল ২২ লাখ ৩০ হাজার টাকায় পেয়েছেন যানবাহন ও কুলি স্ট্যান্ডের ইজারা। কিন্তু তিনি চাঁদা আদায় করছেন যানবাহন থেকেও।
অনুসন্ধানে জানা গেছে, ইজারা পাওয়ার পর সেলিম মণ্ডলের লোকজন বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজার সামনে থাকা ৩৫টি ব্যক্তিগত গাড়ি থেকে প্রতিদিন আদায় করা হচ্ছে ১ হাজার ৫০ টাকা, সুরুচি হোটেলের সামনে থাকা ট্যক্সিক্যাব থেকে ২ হাজার ১০০ টাকা, নিউমার্কেট এলাকার হ্যালোবাইক থেকে ২ হাজার ১০০ টাকা, মাশরুম সেন্টারের সামনে থাকা ৫০টি হিউম্যান হলার থেকে ১৯০ টাকা হারে ৯ হাজার ৫০০ টাকা, সিটি সেন্টারের সামনে থাকা সিএনজিচালিত অটোরিকশা থেকে ১ হাজার ৮০০ টাকা, সিরাজ মার্কেটের সামনে থাকা সিএনজি থেকে ৬০০ টাকা, পশু হাসপাতালের সামনে থাকা সিএনজি থেকে ৬০০ টাকা এবং বাজার রোডের মোড়ে থাকা হ্যালোবাইক থেকে প্রতিদিন আদায় করা হচ্ছে ২ হাজার ৮০০ টাকা করে।
চাঁদা আদায়ের এই হিসাব অনুযায়ী মাসে আদায়ের পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৫ হাজার টাকা।
এদিকে বাসস্ট্যান্ড এলাকার মনসুর মার্কেটের সামনে থাকা ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাস থেকেও চাঁদা আদায়ের অভিযোগ আছে। এই চাঁদা আদায় করা হয় পুলিশের নামে।
এখান থেকে চাঁদা আদায় করেন কামরুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি বলেন, ব্যক্তিগত গাড়ি থেকে মাসে ৩০০ এবং মাইক্রোবাস থেকে মাসে ৫০০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। এভাবে ৬০টি যানবাহন থেকে মাসে আদায় করা হয় ২৩ হাজার ৫০০ টাকা।
নাম প্রকাশ না করার শর্তে ভুক্তভোগী যানবাহন শ্রমিকেরা বলেন, সেলিম মণ্ডলের লোকজন প্রতিদিন ভোরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। এরপর পৌরসভার ইজারার কথা বলে চাঁদা আদায় করেন।
তাঁরা অভিযোগ করেন চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
রানা প্লাজার সামনে যানবাহন থেকে চাঁদা আদায় করেন অনিক নামে এক যুবক। তিনি বলেন, সেলিম মণ্ডলের কথামতো তিনি চাঁদা আদায় করেন। পারিশ্রমিকের বিনিময়ে তিনি এ কাজ করে থাকেন।
নিউমার্কেটের সামনে যানবাহন থেকে চাঁদা আদায়ের সময় কথা হয় আশরাফ আলী নামে এক যুবকের সঙ্গে। তিনি বলেন, সেলিম মণ্ডল পৌরসভা থেকে ইজারা নিয়েছেন। সেই ইজারার বলেই চাঁদা আদায় করা হচ্ছে।
প্রথম আলোর পক্ষ থেকে সেলিম মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘চাঁদা নয়, পৌরসভার নীতিমালা অনুযায়ী ইজারাদার হিসেবে আমি যানবাহনের পার্কিং চার্জ নিয়ে থাকি।’
তবে পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মো. সামসুদ্দিন লিখিতভাবে জানান, ‘সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন যানবাহন ও কুলি স্ট্যান্ডের ইজারাদার সেলিম মণ্ডল শুধু যানবাহন থেকে মালামাল ওঠানোর কাজে টোল আদায় করতে পারেন।’
চাঁদা আদায়ের বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, যানবাহন শ্রমিকদের পক্ষ থেকে এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের নামে চাঁদা আদায় প্রসঙ্গে তিনি বলেন, এ অভিযোগের সত্যতা পেলে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।