যানবাহনে আগুন, ভাঙচুর, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যানবাহন ভাঙচুর করা, আগুন দেওয়া ও বিক্ষিপ্ত ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে ঢাকাসহ (সিটি করপোরেশন বাদে) আশপাশের ১৪ জেলায় গতকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। গাজীপুর ও নরসিংদীতে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে এবং দলের শীর্ষস্থানীয় নেতাদের মুক্তির দাবিতে সংশ্লিষ্ট জেলা জাতীয়তাবাদী ছাত্রদল এই হরতাল দিয়েছিল।
এদিকে একই দাবিতে আজ মঙ্গলবার সুনামগঞ্জ, মৌলভীবাজার, বগুড়া, মাগুরায় এবং খালেদা জিয়ার উপদেষ্টা ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তারের প্রতিবাদে তাঁর নিজ জেলা চুয়াডাঙ্গায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।
গাজীপুর: হরতাল-সমর্থকেরা টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গতকাল পিকেটিং করার সময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও একটি ব্যক্তিগত গাড়িতে অগ্নিসংযোগ করে। ককটেল ফাটানোর সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয় একটি অবিস্ফোরিত ককটেল। বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শ্রীপুর থানা জামায়াতের সেক্রেটারি মো. জাহাঙ্গীর কবির (৪৫), স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন হাওলাদার (৪০), ছাত্রদলের কর্মী সোহাগ (২০) ও সাদেকুর রহমান (২৫) এবং শিবিরের কর্মী একরামুল হক (২২)।
ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যান চলাচল কম থাকলেও স্থানীয় সড়কগুলোতে যান চলাচল অনেকটা স্বাভাবিক ছিল।
নারায়ণগঞ্জ: হরতালের সমর্থনে রূপগঞ্জে সকাল সাড়ে আটটার দিকে যুবদলের নেতা-কর্মীরা ঢাকা-সিলেট মহাসড়কের তারাব এলাকায় ঝটিকা মিছিল থেকে ৮-১০টি যানবাহন ভাঙচুর করেন। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামালের সমর্থকেরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। রোববার রাত নয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের চারাগোপ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবির টহল ছিল।
কুমিল্লা: গতকাল ভোরে শহরের শাসনগাছা বাস টার্মিনালে সুগন্ধা পরিবহনের দুটি বাস ও দুর্গাপুর এলাকায় গ্যারেজে থাকা প্রাইম প্লাস পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। চৌদ্দগ্রাম বাজার ও কুমিল্লার লাকসামের ছিলোনিয়া এলাকায় দুটি ট্রাকেও আগুন দেয় তারা। দমকলবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাস ও ট্রাকগুলোর বেশির ভাগ অংশ পুড়ে যায়।
এদিকে নগরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ইজিবাইক ও অটোরিকশা ভাঙচুর করা হয়। সকাল থেকেই ছাত্রদলের নেতা-কর্মীরা নগরের কান্দিরপাড় পূবালী চত্বর, বাদুরতলা, লিবার্টি মোড়, আদালতপাড়া, শিক্ষা বোর্ড এলাকা ও লাকসাম সড়কে অবস্থান নেন।
নরসিংদী: সদরের ভেলানগর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সকাল আটটার দিকে একটি ট্রাক ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা। এ ছাড়া সকালে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলসেতুর ওপর টায়ারে আগুন জ্বালানো হয়। ছয়জন পিকেটারকে আটক করেছে পুলিশ। এর আগে রোববার রাতে শিবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ: শহরে যানবাহন চালচল প্রায় স্বাভাবিক দেখা গেছে। মাসকান্দা বাস টার্মিনাল ছাড়া শহরের বাকি তিনটি বাস টার্মিনাল থেকে আশপাশের জেলা ও উপজেলার উদ্দেশে বাস ছেড়ে গেছে।
গতকাল দুপুরে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এ কে এম মোশাররফ হোসেনের গঙ্গাদাম গুহ সড়কের বাসভবনে কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে আজ মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা, ময়মনসিংহ অফিস, সুনামগঞ্জ অফিস, নরসিংদী, গাজীপুর ও নারায়ণগঞ্জ প্রতিনিধি}