যানবাহনের গ্যাস কারখানার সিলিন্ডারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়ায় আকাশ সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে স্থাপিত সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। গতকাল ভোরে তোলা ছবি l প্রথম আলো
ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়ায় আকাশ সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে স্থাপিত সিলিন্ডারে গ্যাস সরবরাহ করা হচ্ছে। গতকাল ভোরে তোলা ছবি l প্রথম আলো

একের পর এক যানবাহন আসে আর গ্যাস না পেয়ে চলে যায়। কেউ প্রতিবাদ করলে তাঁকে হতে হয় নাজেহাল। গত সোমবার রাত ১০টার পর থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত এ অবস্থা চলে ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া এলাকার আকাশ সিএনজি ফিলিং স্টেশনে।
সিএনজি স্টেশনটির সামনে অবস্থান নিয়ে দেখা যায়, রাত ১০টার পর একটি ট্রাক্টরের সাহায্যে একে একে তিনটি কাভার্ড ভ্যান স্টেশনে আনা হয়। এর কয়েক মিনিটের মধ্যেই তিন কাভার্ড ভ্যানের ভেতরে থাকা সিলিন্ডারে গ্যাস ভরা হয়। তিনটি কাভার্ড ভ্যানে কয়েক শ গ্যাস সিলিন্ডার ছিল। এরপর গতকাল সকাল পর্যন্ত কোনো যানবাহনে গ্যাস সরবরাহ করা হয়নি।
রাত সাড়ে ১১টায় একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই ফিলিং স্টেশনে আসেন ধামরাইয়ের রাজাপুর কহেলার আরফান আলী। তাঁকে গ্যাস দেওয়া সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন কর্তব্যরত ডিসপেন্সারম্যান (গ্যাস সরবরাহকারী বা বণ্টনকারী) আবুল কাশেম। এর কারণ জানতে চাইলে কাশেম তাঁকে বলেন, সকাল আটটার আগে গ্যাস দেওয়া যাবে না। এরপর আরফান কথা বলেন ক্যাশ কাউন্টারে কর্মরত মিজানুর রহমানের সঙ্গে। এ সময় মিজানুর ক্ষিপ্ত হয়ে তাঁকে বলেন, ‘গ্যাস দিমু কি দিমু না—এটা আমাদের ইচ্ছা, তরে কৈফিয়ত দিমু নাকি?’ একপর্যায়ে আরফান গ্যাস না নিয়েই চলে যেতে বাধ্য হন।
আরফান আলী প্রথম আলোকে বলেন, প্রায় রাতেই এই ফিলিং স্টেশন থেকে বিভিন্ন কারখানার সিলিন্ডারবোঝাই কাভার্ড ভ্যানে গ্যাস সরবরাহ করা হয়। এ কারণে রাত ১০টার পর থেকে সকাল সাতটা পর্যন্ত কোনো যানবাহনে গ্যাস দেওয়া হয় না।
গত বছরের মে মাসে বিস্ফোরক অধিদপ্তর থেকে জেলা প্রশাসকদের বরাবরে পাঠানো এক পত্রে বলা হয়, সিএনজি রিফুয়েলিং স্টেশন থেকে মোটরযানের সংযুক্ত সিলিন্ডার ছাড়া অন্য উদ্দেশ্যে ব্যবহারের জন্য ভ্যান, রিকশা বা অন্য কোনো বাহনে সিলিন্ডার বা সিলিন্ডারগুচ্ছতে গ্যাস সরবরাহ করা সিএনজি বিধিমালার অধীনে দেওয়া লাইসেন্সের শর্তের পরিপন্থী। বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক মো. খায়রুল বাশারের স্বাক্ষরিত ওই পত্রে বেআইনিভাবে গ্যাস সরবরাহকারী সিএনজি স্টেশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে সিএনজি বিধিমালার বিধি ১০০ (১) অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
ভোর পাঁচটার দিকে স্টেশনটিতে একসঙ্গে গ্যাস নিতে আসে বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ ভ্যান ও ট্রাক। ঘণ্টা দেড়েক অপেক্ষায় থেকে গ্যাস না পেয়ে ওই সব যানের চালকেরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ অবস্থায় স্টেশনে উপস্থিত হন ব্যবস্থাপক মো. শাজাহান। জনতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা কর্মচারীরা করেছেন। তবে আমি কোনো অভিযোগ পাইনি।’ এ সময় অটোরিকশাচালক রবিউল ইসলাম ব্যবস্থাপকের উদ্দেশে বলেন, ‘প্রায় ১৫ দিন ধরে ভোরের দিকে গ্যাসের জন্য এই সিএনজি স্টেশনে আসি। কিন্তু এক দিনও গ্যাস পাইনি। এ নিয়ে বারবার অভিযোগ করার পরেও আপনি কোনো ব্যবস্থা নেননি।’
সকাল সাড়ে আটটার দিকে ধামরাইয়ের ধুলিভিটা বাসস্ট্যান্ডের ধামরাই সিএনজি স্টেশনে গিয়ে দেখা যায় অন্য দৃশ্য। স্টেশনটিতে মাটির নিচ দিয়ে করা গোপন সরবরাহ লাইনের মাধ্যমে দূরবর্তী স্থানে রাখা দুটি কাভার্ড ভ্যানের সিলিন্ডারগুলোতে গ্যাস দেওয়া হচ্ছে। এটা তদারকি করতে দেখা যায় স্টেশনটির ব্যবস্থাপক আবদুর রহিমকে। তিনি বলেন, ‘জানি অবৈধ। তবে মালিকেরা যে নির্দেশ দেন, আমাদের তা-ই করতে হয়।’
তিতাস গ্যাস আঞ্চলিক বিপণন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) জয়নাল আবেদিন বলেন, অবৈধভাবে গ্যাস সরবরাহকারী সিএনজি স্টেশনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য বিস্ফোরক অধিদপ্তর থেকে জেলা প্রশাসকদের পত্র দেওয়া হয়। কিন্তু জেলা প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।