প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদকের মামলায় চট্টগ্রামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরে আলম এ রায় দেন। সাজাপ্রাপ্ত ওই নারীর নাম শাহজাদা আক্তার। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি লোকমান হোসেন বলেন, ২০১০ সালের ৮ মার্চ চট্টগ্রামের মিরসরাইয়ে শাহজাদা আক্তারকে ২৪ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় করা মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন। ২০১০ সালের অক্টোবর মাসে তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাঁর বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।