দেশের ৬৩টি জেলায় একই দিনে সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলায় বরগুনায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জেএমবির দুই সদস্য ১১ বছর ধরে পলাতক।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দণ্ডপ্রাপ্ত এই সদস্যরা হলেন পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা গ্রামের আবদুল হক আব্বাসী ও হাফেজ আবদুর রহমান। সিরিজ বোমা হামলায় তাঁরা বরগুনায় নেতৃত্ব দেন।
এ ঘটনায় ২০০৮ সালে তাঁরা দুজনসহ নয়জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।
এর আগে ২০০৪ সালের ৩০ জুন সদর উপজেলার শিয়ালিয়া গ্রামের একটি মসজিদে জঙ্গি প্রশিক্ষণ দেওয়ার সময় ৩৩ জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাঁদের মধ্যেও আবদুল হক ও আবদুর রহমান ছিলেন। তবে পরে সবাই জামিনে মুক্তি পান। এরপর ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় ওই সিরিজ বোমা হামলা হয়। এ ঘটনায় ১২ জনকে আসামি করে বরগুনা থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে একই বছরের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
পরে বরগুনার তৎকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শাহজাহান মজুমদার ২০০৮ সালের ১২ মার্চ আবদুল হক, আবদুর রহমানসহ নয়জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ঘোষণা করেন।
অন্য তিন আসামি জেএমবির প্রধান শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই ও আতাউর রহমান ওরফে সানিকে একই ধরনের মামলায় অন্য জেলার মামলায় আসামি হওয়ায় অব্যাহতি দেওয়া হয়। সাজাপ্রাপ্ত সাতজনের মধ্যে তিনজন উচ্চ আদালত থেকে জামিনে আছেন। আর চারজন কারাভোগ করছেন।
আবদুল হক ও আবদুর রহমানের অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করা হয়। তাঁরা এখনো নিখোঁজ। গত সোমবার আবদুর রহমানের বাবা সিদ্দিকুর রহমান মুন্সী বলেন, ‘এখন সে (আবদুর রহমান) কোথায় আছে, তা জানি না।’
আবদুল হকের বাবা সানু হাওলাদার বলেন, ‘ওই ঘটনার পর থেকেই আমার ছেলে নিখোঁজ। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই।’
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, ‘ওই দুজন বর্তমানে কোথায় আছেন, কোনো সংগঠনের সঙ্গে যুক্ত আছেন কি না, সে তথ্যও আমাদের জানা নেই।’