যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের মাইজদী হাউজিং এস্টেটের একটি ভাড়া বাসা থেকে গত বুধবার রাতে পুলিশ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া জহির উদ্দিন ওরফে জহিরের (৩৫) বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার মাধবপুর গ্রামে। তিনি ২০০৩ সালের রাজধানীর পল্লবী থানার অটোরিকশা ব্যবসায়ী শহিদুল ইসলাম হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
পুলিশ জানান, জহির উদ্দিন ‘রায়হান উদ্দিন’ নাম ধারণ করে কয়েক বছর ধরে দৈনিক খবরপত্র নামের একটি পত্রিকার নোয়াখালী প্রতিনিধি হিসেবে কাজ করে আসছিলেন।
বেগমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শিকদার মো. হাসান ইমাম জানান, বেশ কিছুদিন চেষ্টা করেও জহিরকে শনাক্ত করা যাচ্ছিল না। একপর্যায়ে তাঁরা জানতে পারেন জহির উদ্দিন রায়হান উদ্দিন নাম ধারণ করে জেলা শহরে সাংবাদিকতা করছেন। এরপর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও চাটখিল থানার পুলিশ নিয়ে বুধবার রাতে তিনি জেলা শহরের মাইজদী হাউজিং এস্টেটের একটি বাড়িতে অভিযান চালিয়ে জহির উদ্দিনকে গ্রেপ্তার করেন। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।